প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নিজের শান্তিতে নোবেল পুরস্কার পদক উপহার হিসেবে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।
হোয়াইট হাউসে বৃহস্পতিবার এক বৈঠক চলাকালে ট্রাম্পের হাতে পদকটি তুলে দেন মাচাদো।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, এই প্রতীকী সম্মানের মাধ্যমে ভেনেজুয়েলার বিরোধী দলের পক্ষ থেকে ট্রাম্পের প্রতি রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনের ইঙ্গিত হিসেবে দেওয়া হয়েছে।
শান্তির স্বীকৃতি বহনকারী পদকটি এমন সময় উপহার দেওয়া হয়েছে, যখন দক্ষিণ অ্যামেরিকার উত্তর উপকূলের দেশ ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান সম্পর্কে আলোচনা চলছিল।
সম্প্রতি ট্রাম্প ভেনেজুয়েলা সরকারের কিছু পদক্ষেপের প্রশংসা করেছিলেন, যা বিরোধী শিবিরে বিভ্রান্তি তৈরি করে।
নোবেল পদক গ্রহণের মধ্য দিয়ে ট্রাম্প কার্যত বিরোধী নেতৃত্বের প্রতি নিজের সমর্থনের বার্তা দিলেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
মারিয়া কোরিনা মাচাদো ভেনেযুয়েলার সরকারবিরোধী আন্দোলনের অন্যতম প্রভাবশালী মুখ।
নির্বাচন, মানবাধিকার এবং রাজনৈতিক দমন–পীড়নের অভিযোগ তুলে তিনি আন্তর্জাতিক সমর্থন আদায় করেছেন।
ট্রাম্পের সঙ্গে তার এই সাক্ষাৎ ও নোবেল পদক উপহার দেওয়াকে বিরোধী শিবিরের কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ বজায় রাখার কৌশলের অংশ। সরকারের সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখলেও, বিরোধী শক্তিকে সামনে রেখে কারাকাসে বার্তা পাঠাতে চাইছে অ্যামেরিকা।
লাতিন অ্যামেরিকায় তেল, নিষেধাজ্ঞা ও গণতন্ত্র প্রশ্নে ভেনেযুয়েলা দীর্ঘদিন ধরেই অ্যামেরিকার পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ বিষয়।
ট্রাম্পের নোবেল পদক গ্রহণ সেই কূটনীতিতে নতুন প্রতীকী মাত্রা যোগ করলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা।