অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম মধ্য গাযায় ‘ইয়েলো লাইন’-এর বাইরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইযরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। বুধবার সেন্ট্রাল গাযার আল-বুরেইয এবং নুসেরাত শরণার্থী শিবির সংলগ্ন এলাকায় এই অভিযানের ফলে নতুন করে ব্যাপক বাস্তুচ্যুতি ও মানবিক সংকট তৈরি হয়েছে।
ইযরায়েলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা কোগ্যাট-এর নির্দেশনায় আল-বুরেইয ও নুসেইরাত এলাকার নির্দিষ্ট তিনটি ব্লক (৬৬০, ৬৬১ এবং ৬৬৬) থেকে বেসামরিক ফিলিস্তিনিদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে গাযার প্রধান মহাসড়কখ্যাত সালাহ আল-দিন রোড সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এছাড়াও এদিন নুসেইরাত ক্যাম্পের উত্তরে আল-মুঘরাকা শহরে ইযরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। গাযার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইযরায়েলি হামলায় নতুন করে ছয়জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৮ জনে।
অন্যদিকে সেন্ট্রাল গাযার এই অভিযানকে ‘যুদ্ধবিরতির নগ্ন লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে প্যালেস্টাইনের মুক্তিকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও সাধারণ মানুষকে অবরুদ্ধ করে রাখার এই অপচেষ্টা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইয়াত আল-হিন্দি মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি ইযরায়েলকে নিবৃত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবিলম্বে এই আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু রাজনৈতিক সংকট এড়াতেই গাজায় এই নতুন সামরিক উত্তেজনা তৈরি করেছেন বলে অভিযোগ করেছে হামাস।