কেরালার কোচিতে ক্যানারা ব্যাঙ্কের আঞ্চলিক ম্যানেজার অফিস ক্যান্টিনে গরুর মাংস (বিফ) নিষিদ্ধ করেন। যার বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ জানান ব্যাংকের কর্মীরা।
কর্মচারীরা বৃহস্পতিবার ব্যাংকের বাইরে গরুর মাংস এবং পরোটা পরিবেশন করে প্রতিবাদ করেন।
এনডিটিভি জানায়, ব্যাংকের উপ-আঞ্চলিক ম্যানেজার আশ্বিনী কুমার সম্প্রতি বিহার থেকে এই শাখায় স্থানান্তরিত হন। দায়িত্ব নেয়ার পর ইতোমধ্যেই অন্তত দুইটি বিতর্কিত ঘটনার জন্ম দেন তিনি। যার মধ্যে অন্যতম হচ্ছে কর্মচারীদের হেনস্থা করার অভিযোগ।
মূলত হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদের আয়োজন করে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া- বিইএফআই। তবে গরুর মাংস নিষিদ্ধের খবর ছড়িয়ে পড়ার পর কর্মচারীরা এমন অভিনব পন্থা বেছে নেন। বিইএফআই নেতা বলেন, খাদ্য নির্বাচন ব্যক্তিগত বিষয় এবং সংবিধানেও খাদ্য নির্বাচনের অধিকার সুরক্ষিত আছে।
কেরালার ব্যাঙ্ক কর্মচারীদের প্রতিবাদে রাজ্যের রাজনৈতিক নেতারা সমর্থন প্রকাশ করেছেন। স্বাধীন আইনপ্রণেতা কে টি জালীলসাংস্কৃতিক স্বাধীনতা নিয়ন্ত্রণের চেষ্টা নিন্দা করেছেন।
তিনি বলেন, ‘কোনো ‘উচ্চপদস্থ’ কর্মকর্তা ঠিক করতে পারে না আপনি কী খাচ্ছেন, কী পরছেন বা কী ভাবছেন।
কেরালা রাজ্যে গরুর মাংস রান্না সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজ্যে বিভিন্ন সময়ে গরুর মাংস নিষিদ্ধ করার প্রচেষ্টা হয়েছে। এর মধ্যে ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার গরু হত্যা নিষিদ্ধ করে।
যা নিয়ে রাজ্যে ব্যাপক প্রতিবাদ ও বিতর্ক দেখা দেয় এবং প্রতিবাদস্বরূপ গরুর মাংসের তৈরি খাবারের উৎসবও অনুষ্ঠিত হয়।
কেরালায় গরুর মাংস বলতে গরু ও মহিষ উভয়ই বোঝায়। এবং এ খাবার গ্রহণে ধর্মীয় কোনো প্রভাব নেই। বিক্রির পরিসংখ্যান অনুযায়ী এটি রাজ্যের সবচেয়ে জনপ্রিয় মাংস।