


প্রকাশিত: নভেম্বর ২৫ ২০২৬, ১৬:৪২

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ছবি: বাসস
বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সম্পৃক্ত থাকার নতুন তথ্য প্রকাশ পেয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে তার একটি কথিত ফোনালাপের তথ্য তুলে ধরা হয়েছে।
রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী সেনাসদস্য ইমরুল কায়েসের জবানবন্দির বরাতে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, ফোনালাপে জিয়াউল আহসানকে বলতে শোনা যায়, ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম।‘
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই কথোপকথনের তথ্য তুলে ধরেন। রাষ্ট্রপক্ষের দাবি, কথিত এই ফোনালাপ ইলিয়াস আলীকে গুমের পরিকল্পনা ও বাস্তবায়নে জিয়াউল আহসানের ভূমিকার গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়।
এ জবানবন্দির সাক্ষী ইমরুল কায়েস একসময় জিয়াউল আহসানের ব্যক্তিগত বডিগার্ড বা রানার হিসেবে দায়িত্ব পালন করতেন। তার সাক্ষ্য অনুযায়ী, ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে জিয়াউল আহসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে র্যাব সদরদপ্তর থেকে একটি মাইক্রোবাসে মহাখালী ফ্লাইওভারের দিকে যান।
সেখানে অবস্থানকালে জিয়াউল আহসানকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলতে এবং নির্দিষ্ট একজনের সেখানে আসার সময় জানতে চাইতে দেখেন ইমরুল কায়েস। পরে তারা জানতে পারেন, ওই ব্যক্তি সেদিন আসবেন না। এরপর জিয়াউল আহসানকে বাসায় পৌঁছে দিয়ে তারা ফিরে যান।
এরপর নয় দিনের ছুটিতে যান ইমরুল কায়েস। ছুটিতে থাকা অবস্থায় গণমাধ্যমে তিনি জানতে পারেন, ১৭ এপ্রিল মহাখালী সেতু এলাকা থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হয়েছেন।
সাক্ষীর জবানবন্দি অনুযায়ী, ২৩ এপ্রিল কর্মস্থলে ফিরে র্যাব সদরদপ্তরের পরিবেশে অস্বাভাবিক পরিবর্তন দেখতে পান তিনি। সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন, অস্ত্রের ইন-আউট রেজিস্টার ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ নষ্ট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া নিয়মিত সকাল ৯টার পরিবর্তে ১৮ এপ্রিল থেকে সকাল ৭টায় ফল-ইন বা রোল কল শুরু হচ্ছিল। জিয়াউল আহসানও কয়েক দিন ওই কার্যক্রমে উপস্থিত ছিলেন।
ইমরুল কায়েসের দাবি, একদিন ফল-ইনের সময় জিয়াউল আহসান ফোনে কথা বলছিলেন। এ সময় আরেকটি কল এলে তিনি অপর প্রান্তের ব্যক্তিকে বলেন, ‘তুই রাখ, তারেক স্যার ফোন দিয়েছেন।’ এরপর তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে তার কথোপকথন শুরু হয়।
সাক্ষীর ভাষ্য অনুযায়ী, ওই কথোপকথনে জিয়াউল আহসান বলেন, ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। এটাই আমার জন্য ভালো।’
রাষ্ট্রপক্ষের দাবি, কথোপকথনে ‘গলফ’ শব্দটি গুমের সাংকেতিক অর্থে ব্যবহার করা হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ইমরুল কায়েস নিজ কানে এই কথোপকথন শুনেছেন। তাঁর সাক্ষ্য অনুযায়ী, এটি ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ প্রমাণ।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের সন্ধান বা পরিণতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
