বাংলাদেশ
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা, স্বাগত জানালেন শ্রমিক নেতারা
- 0


প্রকাশিত: নভেম্বর ২৫ ২০২৬, ১৪:২৩
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। বছরওয়ারি আনুপাতিক বৃদ্ধির হার বিবেচনায় এবারের মজুরি বৃদ্ধির হার অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন মজুরি কাঠামোকে স্বাগত জানিয়েছেন শ্রমিক নেতারা। তবে ঘোষিত মজুরি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও বাড়িভাড়া নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তাঁরা।
বুধবার (২৫ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মজুরি কাঠামোর তথ্য জানানো হয়। এতে প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৩ সালে নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ হারে মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার বছরওয়ারি ১২ শতাংশ হারে মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতীতে বিভিন্ন সময়ে ঘোষিত মজুরি বৃদ্ধির হারের তুলনায় এবারের বৃদ্ধির হার বেশি।
মন্ত্রী বলেন, বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকদের পরিশ্রমের ওপর দেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, তাঁদের সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, শ্রম আইন সংশোধনের মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। এখন থেকে প্রতি তিন বছর পর শ্রমিকদের মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।
শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে একটি বিশেষায়িত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানান তিনি।
দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ করা হয়। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বশেষ প্রস্তাবে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার দাবি জানান। অন্যদিকে মালিকপক্ষের প্রতিনিধিরা ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।
নতুন কাঠামোয় বিভিন্ন গ্রেডে মজুরির উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সিনিয়র অপারেটরদের প্রথম গ্রেডে মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এ ক্ষেত্রে বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা।
অপারেটরদের দ্বিতীয় গ্রেডে মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা।
অন্যদিকে জুনিয়র অপারেটরদের তৃতীয় গ্রেডে মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। এতে মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।
নতুন মজুরি কাঠামোকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন শ্রমিক নেতারা। তবে তাঁদের মতে, ঘোষিত মজুরি কার্যকর করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার মান উন্নয়নে বাজারদর ও বাড়িভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। নতুন মজুরি কাঠামো কার্যকর হলে পোশাকশিল্পের শ্রমিকদের আর্থিক সুরক্ষা বাড়বে বলে আশা করছেন শ্রমিক নেতারা। তবে তাঁদের মতে, মজুরি বৃদ্ধির পাশাপাশি দ্রব্যমূল্য ও বাড়িভাড়া নিয়ন্ত্রণ করা না গেলে শ্রমিকদের জীবনযাত্রায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।
অন্যদিকে, শিল্পখাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী। একই সঙ্গে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে উৎপাদন অব্যাহত রাখতে মালিকপক্ষের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।
