ক্যালিফোর্নিয়ায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস কর্তৃক অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এক আমেরিকান নারী। সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে গর্ভবতী ওই নারীকে পেপার স্প্রে ছুঁড়ে মাটিতে ফেলে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে।
আইসের হামলা ও গ্রেপ্তারের শিকার ওই নারী হলেন ২৩ বছর বয়সী লিজবেথ ভারগাস আন্দাদে, যিনি আইসের কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী একটি দলের সদস্য।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, গত রোববার স্টেটের মোডেস্টো শহরে স্টানিসলাস কাউন্টি কারাগার সংলগ্ন এলাকায় হামলার শিকার হন আন্দাদে।
এক সংবাদ সম্মেলনে আন্দাদে জানান, ঘটনার দিন মোডেস্টো এলাকায় আইসের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিলেন তিনি। ওই সময় তার সঙ্গে ছিলেন স্বামী তালাভেরা আলভারাদো ও স্বামীর বোন মনিকা আলভারাদো।
দায়িত্ব পালনকালীন সময়ে মনিকার গাড়ি রোধ করতে আসেন আইস কর্মকর্তারা। পরে অপরিচিত ব্যক্তিদের বহন করা হচ্ছে দাবি করে গাড়িতে প্রবেশের চেষ্টা করেন তারা।
একপর্যায়ে আন্দাদের ওপর চড়াও হয়ে তাকে গ্রেপ্তার করতে তেড়ে আসেন কর্মকর্তারা। ওই সময় তার ওপর পেপার স্প্রে ছুঁড়ে মাটিতে ফেলা দেওয়া হয়।
আন্দাদের ওপর হামলার ওই ভিডিওটি তৎক্ষণাৎ ধারণ করেন তার স্বামী। পরে ভুক্তভোগীর আইনজীবি প্যাট্রিক কোলাসিনস্কি ভিডিওটি প্রকাশ করেন।
ভিডিওতে যা দেখা গেছে
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আন্দ্রাদেকে গ্রেপ্তারের চেষ্টা করছেন আইসিই কর্মকর্তারা। এ সময় তিনি তাদের কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এক কর্মকর্তাকে তার দিকে পিপার স্প্রে ছুড়তে দেখা যায়। তবে ভিডিওতে স্প্রেটি তার শরীরের কোথায় লেগেছে, তা স্পষ্ট নয়।
ভিডিওতে ভুক্তভোগীর স্বামী তালাভেরাকে বলতে শোনা যায়, ‘তিনি অন্তঃসত্ত্বা।’ এর কিছুক্ষণ পর আইস কর্মকর্তারা ভারগাস আন্দ্রাদেকে মাটিতে ফেলে দেন। তিনি উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তার হাতে হাতকড়া পরানো হয়।
আইনজীবী কোলাসিনিস্কি জানান, আন্দ্রাদেকে গ্রেপ্তারের পর কয়েক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হয়। পরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। আন্দ্রাদে ও গর্ভের সন্তান সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।