তিনি ছিলেন চার যমজের একজন, প্রথমবারই মা হলেন পাঁচজনের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯ ২০২৫, ২০:২৭ হালনাগাদ: ডিসেম্বর ৯ ২০২৫, ৩:১৭

যমজ তিন সন্তান কোলে টেরেসা ট্রোইয়া। ছবি: আইউইটনেস নিউজ

যমজ তিন সন্তান কোলে টেরেসা ট্রোইয়া। ছবি: আইউইটনেস নিউজ

  • 0

এল পাসোর বাসিন্দা টেরেসা ট্রোইয়া নিজেও ছিলেন যমজ। অপর তিন সহোদরের সঙ্গে একসঙ্গে পৃথিবীতে আসেন তিনি।

মা হয়েছেন প্রথমবার। তাও একজন-দুজনের নয়। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন টেক্সাসের এক নারী।

ঘটনা সেখানেই সীমাবদ্ধ নয়। এল পাসোর বাসিন্দা টেরেসা ট্রোইয়া নিজেও ছিলেন যমজ। অপর তিন সহোদরের সঙ্গে একসঙ্গে পৃথিবীতে আসেন তিনি।

একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল তার সন্তান জন্মদানের ক্ষেত্রে।

এবিসি নিউজ মঙ্গলবার জানায়, দুই মাস আগে পাঁচ যমজের মা হন টেরেসা।

‘এটি একই সঙ্গে পরাবাস্তব ও ভীতিকর। কারণ শূন্য থেকে মুহূর্তের মধ্যে পাঁচজন।

‘এটি হঠাৎ পাওয়া পরিবার, তবে এটি সুন্দর’, এবিসিকে বলেন টেরেসা।

পাঁচ সন্তানের মায়ের বয়স ৩৬ বছর। এ নারীর যমজ তিন ভাইয়ের নাম জোসেফ ট্রোইয়া, ম্যাথু ট্রোইয়া ও টমাস ট্রোইয়া।

পঞ্চ যমজের জননীর ভাষ্য, পরিবারে একাধিক মানুষ তার কাছে নতুন নয়। একসঙ্গে বেড়ে ওঠা দারুণ বিষয়।

মা হওয়ার স্বপ্ন সত্যি হওয়ার পাশাপাশি পাঁচ সন্তানের সেবা-যত্ন করা নিয়ে উচ্ছ্বসিত বলে জানান টেরেসা।

তিনি জানান, তার মা গত হয়েছেন ১০ বছর আগে। ফলে নাতি-নাতনিদের নিয়ে তার সঙ্গে কথা বলার সুযোগ নেই।

মা কীভাবে একসঙ্গে এত সন্তান লালন-পালন করতেন, তা এখন বুঝতে পারেন টেরসা।

তার মতে, এটি দারুণ বিষয়।

পেশায় নার্স কনসালট্যান্ট টেরেসা জানান, তিনি সন্তান জন্মদান সংক্রান্ত কোনো চিকিৎসা নেননি।

তিনি জানান, গর্ভধারণের প্রথম তিন মাসের মধ্যে রক্তক্ষরণ হলেও অন্তঃসত্ত্বাকালটি সার্বিকভাবে ছিল ‘অসাধারণ’।

‘আমার মধ্যে বমি বমি ভাব, বমি করা, খাদ্য লালসা বা এ ধরনের কিছু ছিল না। আমার শরীরের কোনো অঙ্গের অস্বাভাবিক স্ফীতি ছিল না। এ কারণে আমি সত্যিকার অর্থেই ভাগ্যবান’, বলেন টেরেসা।

গত ৩ জুন লাস পালমাস মেডিক্যাল সেন্টারে একসঙ্গে কাইলা রোজ, জোসেফ অ্যান্থনি, জ্যাক্সন টমাস, ভিভিয়ানা লিলি ও ইসাবেলা জিয়ান্নার জন্ম দেন এ নারী।