রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের ওপর অসন্তোষ আবার প্রকাশ করে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে আমদানীকৃত পণ্যের ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন।
ট্রাম্পের ভাষ্য, ভারত শুধু বিপুল পরিমাণে রাশিয়ার তেল কিনে থেমে থাকছে না। দেশটি বিশাল মুনাফার জন্য কেনা তেলের বেশির ভাগ খোলা বাজারে বিক্রি করছে।
উল্লিখিত কারণে ভারতের ওপর শুল্ক বৃদ্ধি করতে চান বলে পোস্টে জানান ট্রাম্প।
তিনি বলেন, ‘এ কারণে আমি অ্যামেরিকাকে ভারতের দেওয়া শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়াব।’
শুল্ক কী পরিমাণ বাড়াবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে পোস্টটি দেওয়ার কয়েক দিন আগে ট্রাম্প ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। সে সময় ভারতকে অনির্দিষ্ট জরিমানা গুনতে হবে বলে হুঁশিয়ার করেন প্রেসিডেন্ট, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এমন বাস্তবতায় ভারত সরকারের কিছু সূত্র এনডিটিভিকে জানায়, শুল্কের ফলে ভারতের অর্থনীতির ওপর প্রভাব পড়বে ‘যৎসামান্য’। মোট দেশজ উৎপাদন-জিডিপির ক্ষতি দশমিক দুই শতাংশের বেশি হবে না বলে আশা করা হচ্ছে।
এর আগে সরকারি সূত্রগুলো এনডিটিভিকে জানায়, ভারতের জ্বালানি ক্রয় নির্ভর করে জাতীয় স্বার্থ ও চাহিদার ওপর। এ কারণে মস্কো থেকে তেল আমদানি বন্ধ করবে না নয়াদিল্লি।
ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধবিরতি না করায় মস্কোর ওপর ক্ষুব্ধ ওয়াশিংটন। যুদ্ধবিরতির প্রক্রিয়ায় কোনো অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প।