২১ জন অসুস্থ
ফ্লোরিডায় কাঁচা দুধ পান নিয়ে সতর্কবার্তা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪ ২০২৫, ২৩:১৫

বোতলজাত কাঁচা দুধ। ছবি: সিবিএস নিউজ

বোতলজাত কাঁচা দুধ। ছবি: সিবিএস নিউজ

  • 0

ফ্লোরিডায় মানুষের ভোগের জন্য কাঁচা দুধ বিক্রি অবৈধ, তবে পোষা প্রাণীর খাদ্য হিসেবে চিহ্নিত কাঁচা দুধ বিক্রি করা যাবে অঙ্গরাজ্যটিতে।

একই খামারের কাঁচা দুধের সঙ্গে যুক্ত ই.কোলি ও ক্যাম্পিলোব্যাকটার ব্যাকটেরিয়ার সংক্রমণে ১০ বছরের কম বয়সী ছয় শিশুসহ ২১ জন ‍অসুস্থ হওয়ার পর কাঁচা, অপাস্তুরিত দুধ পানের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে ফ্লোরিডার ডিপার্টমেন্ট অব হেলথ।

অসুস্থ ২১ জনের মধ্যে সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং দুজনের মধ্যে মারাত্মক স্বাস্থ্যগত জটিলতা দেখা গেছে।

হেলথ ডিপার্টমেন্টের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে সিবিএস নিউজ জানায়, অসুস্থের এ সংখ্যার কারণে খামারটির জীবাণুমুক্ত হওয়ার অনুশীলন নিয়ে বিশেষ উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা ফামারটিকে শনাক্ত করেননি, তবে তাদের ইঙ্গিত, খামারটি থেকে উৎপাদিত পণ্য উত্তরপূর্ব ও সেন্ট্রাল ফ্লোরিডায় পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে আরও জানতে হেলথ ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছে সিবিএস নিউজ।

ফ্লোরিডায় মানুষের ভোগের জন্য কাঁচা দুধ বিক্রি অবৈধ, তবে পোষা প্রাণীর খাদ্য হিসেবে চিহ্নিত কাঁচা দুধ বিক্রি করা যাবে অঙ্গরাজ্যটিতে।

অনলাইনে কিছু ইনফ্লুয়েন্সার ও কাঁচা খাদ্যের পক্ষের লোকজন সাম্প্রতিক বছরগুলোতে কাঁচা দুধের পক্ষে প্রচার চালিয়েছেন। এতে করে পণ্যটির বিক্রি বেড়েছে।

এমন বাস্তবতায় জনস্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কাঁচা দুধ পান ঝুঁকিপূর্ণ হতে পারে।