সামাজিক মাধ্যমে শিশুদের যৌন অপরাধীদের কবল থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে আবারো আদালতে হাজির হয়েছে সামাজিক মাধ্যম পরিচালনাকারী অ্যামেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা।
নিউ মেক্সিকোর আদালতে আজ (সোমবার) শিশু সুরক্ষা মামলার দ্বিতীয় ধাপের শুনানিতে অংশ নিতে হাজির হতে হয় প্রতিষ্ঠানটিকে।
মেটার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন স্টেইটের অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ। তোরেজের আনা অভিযোগে বলা হয়েছিল, ফেসবুক, ইনস্টগ্রামসহ মেটার পরিচালনাধীন বিভিন্ন সামাজিক প্লাটফর্ম শিশুদের যৌন অপরাধীদের থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। একইসঙ্গে সামাজিক মাধ্যমগুলোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে।
এর আগে গত মার্চ মাসে অনুষ্ঠিত হয় এ মামলার প্রথম ধাপের শুনানি। ওই সময় মেটার বিরুদ্ধে জুরি বোর্ড রায় দেয় যে, প্রতিষ্ঠানটি ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। যার ফলে তখন মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়।
এবার দ্বিতীয় ধাপে শুরু হওয়া শুনানিটি জুরি সদস্য ছাড়াই পরিচালনা করবেন একজন বিচারক। ৩ সপ্তাহ ধরে এ শুনানি চলার পর তিনি সিদ্ধান্ত নিবেন- মেটাকে পাবলিক নুইসেন্স তথা জনসাধারণের জন্য ক্ষতিকর উপাদান হিসেবে অভিহিত করা হবে কি না।
একই সঙ্গে শিশু সুরক্ষা নিশ্চিত করতে কত অর্থ ব্যয়ে, কেমন ধরনের পরিবর্তন আনতে হবে মেটাকে-তাও রায়ে জানাবে আদালত।
ইতোমধ্যে নিউ মেক্সিকো প্রশাসন আদালতে দাবি জানিয়েছে, শিশু সুরক্ষা নিশ্চিত করতে মেটাকে কাঠামোগত ও প্রযুক্তিগত পরিবর্তন করতে হবে। এজন্য প্রতিষ্ঠানকে ব্যয় করতে হবে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার।
তবে মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেইট প্রশাসনের এ দাবি অবাস্তব ও প্রযুক্তিগতভাবে অসম্ভব। পাশাপাশি আদালতে সমঝোতা না হলে এই স্টেইটে মেটার যাবতীয় পরিষেবা বন্ধ করার হুমকি দিয়েছে কর্তৃপক্ষ।