Skip to main content

মাদুরোর বিরুদ্ধে অভিযান নিয়ে ৪০০ হাজার ডলার বাজি, গ্রেপ্তার সেনা সদস্য

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪ ২০২৬, ১৪:০০ হালনাগাদ: এপ্রিল ২৫ ২০২৬, ৫:৫৪

অনলাইন প্রেডিকশন প্লাটফর্মে ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে বাজির অর্থ আয় করেন অভিযুক্ত সেনা সদস্য।

অনলাইন প্রেডিকশন প্লাটফর্মে ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে বাজির অর্থ আয় করেন অভিযুক্ত সেনা সদস্য।

  • 0

মাদুরোর ক্ষমতাচ্যুতি প্রসঙ্গে ধারাবাহিকভাবে চারটি বাজিতে ৪ লাখ ৯হাজার ডলারের বেশি অর্থ আয় করেন ডাইক, যা প্রেডিকেশন মার্কেট জগতে গোপন তথ্য ব্যবহার হচ্ছে-এমন সন্দেহের সৃষ্টি করে।

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণে তার বিরুদ্ধে চালানো সামরিক অভিযান নিয়ে বাজি ধরে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে অ্যামেরিকার স্পেশাল ফোর্সের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ফেডারেল কর্তৃপক্ষ।

এবিসি নিউজ জানায়, গ্রেপ্তার হওয়া ওই সেনা সদস্য হলেন গ্যানন কেন ভ্যান ডাইক, যিনি নিজেও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে মাদুরোকে গ্রেপ্তার অভিযানে যুক্ত ছিলেন।

ফেডারেল কর্মকর্তারা জানান, ট্রাম্প মাদুরোকে গ্রেপ্তারের ঘোষণা দেওয়ার কয়েকদিন আগে অনলাইন প্রেডিকশন মার্কেট প্লাটফর্ম পলিমার্কেটে ৩৩ হাজার ডলারের বাজি ধরেন ডাইক।

মাদুরোর ক্ষমতাচ্যুতি প্রসঙ্গে ধারাবাহিকভাবে চারটি বাজিতে ৪ লাখ ৯হাজার ডলারের বেশি অর্থ আয় করেন ডাইক, যা প্রেডিকেশন মার্কেট জগতে গোপন তথ্য ব্যবহার হচ্ছে-এমন সন্দেহের সৃষ্টি করে। পরে পলিমার্কেট কর্তৃপক্ষ বিষয়টি বিচার বিভাগকে জানালে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

ওই ঘটনায় অভিযুক্ত ডাইকের বিরুদ্ধে ব্যক্তিগত লাভের জন্য গোপন তথ্যের অবৈধ ব্যবহার, সরকারি অপ্রকাশিত তথ্য চুরি, কমোডিটি জালিয়াতি এবং যুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, গোপন তথ্য রক্ষা করার পরিবর্তে, তিনি ব্যক্তিগত লাভের জন্য তা ব্যবহার করার সিদ্ধান্ত নেন। পরে তিনি অবৈধ আয়ের উৎস গোপন করতে এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে নিজের সংযোগ আড়াল করতে চেষ্টা করেন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, প্রেডিকশন মার্কেটে গোপন তথ্য ব্যবহার করে অর্থ লেনদেনের সন্দেহ ঘনীভূত হলে, তদন্ত শুরুর আভাস পান ডাইক। তখন তিনি পলিমার্কেটে নিজের অ্যাকাউন্ট এবং অর্থ লেনদেনে ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট মুছে ফেলার চেষ্টা করেন।

ডাইকের পক্ষে কোনো আইনজীবি মামলা লড়বেন কি না, তা নিশ্চিত নয়।