রাশিয়ার সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে সাধারণ নির্বাচনে জয় লাভ করেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থিত ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টি।
দেশটির সেন্ট্রাল ইলেকশন কমিশন সোমবার এক বিবৃতিতে জানায়, প্রায় চুড়ান্ত হওয়া ফলাফলে পুতিনের দল ৫৭ দশমিক ৮৩ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেছে। ফলে দেশটির পার্লামেন্টের স্টেট দুমার নিম্নকক্ষে ৪৫০টি আসনের ভিতর ৩৫৫টি আসন নিয়ে তারা দল গঠন করবে।
রাশিয়ার সেন্ট্রাল ইলেকশন কমিশনের চেয়ারম্যান এল্লা পামফিলোভা সোমবার এসব ফলাফল ঘোষণা করেন। তাঁর দেওয়া হিসাবে, ইউনাইটেড রাশিয়ার পাশাপাশি আরও চারটি দল স্টেট ডুমায় প্রবেশের জন্য প্রয়োজনীয় ভোট পেয়েছে। কমিউনিস্ট পার্টি পেয়েছে ১৩ দশমিক ৮১ শতাংশ, এলডিপিআর ৮ দশমিক ৯৮ শতাংশ এবং নিউ পিপল পার্টি ৭ দশমিক ৯৬ শতাংশ ভোট। জাস্ট রাশিয়া পার্টিও ৫ শতাংশের প্রয়োজনীয় সীমা অতিক্রম করেছে।
তবে এসব দল সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ ইস্যুতে ইউনাইটেড রাশিয়ার সঙ্গে একই অবস্থানে ভোট দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, পুতিন ইউনাইটেড রাশিয়ার এ বিজয়কে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের প্রতি রুশ নাগরিকদের সমর্থনের প্রতীক হিসেবে দেখছেন। যুদ্ধ শুরুর পর সংসদীয় এ নির্বাচনের ফলাফল ছিল প্রেসিডেন্টের জন্য একটি বড় পরীক্ষা। নির্বাচন চলাকালীন সময়েও দেশটিতে ইউক্রেন সাইবার ও ড্রোন হামলা চালিয়ে গেছে।
রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় নির্বাচনে বড় ধরনের চমক প্রত্যাশিত ছিল না। যুদ্ধবিরোধী অবস্থানের জন্য পরিচিত ইয়াবলোকো পার্টির অনেক প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। ফলে জাতীয় পর্যায়ে দলটি কোনো আসন পায়নি।
নির্বাচন কমিশনের হিসাবে, ১১১ মিলিয়ন নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট পড়েছে ৫৯ দশমিক ৩ শতাংশ। কমিশন এটিকে এ ধরনের নির্বাচনে রেকর্ড ভোটার উপস্থিতি হিসেবে উল্লেখ করেছে। ভোটের শেষ দিন রোববার মস্কোয় ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলার মধ্যেও ভোটগ্রহণ অব্যাহত ছিল।
২০২১ সালের সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে ইউনাইটেড রাশিয়া পেয়েছিল ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট। এবার পাওয়া ৩৫৫ আসন দলটির জন্য নতুন রেকর্ড। এর আগে ২০১৬ সালের নির্বাচনে সর্বোচ্চ ৩৪৩টি আসন পেয়েছিল দলটি।
এদিকে, পুনরায় পুতিন সমর্থিত দল স্টেড ডুমা তথা নিম্নকক্ষের সংসদীয় ক্ষমতায় বহাল হওয়ায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনেও সুগম হলো তার পথ।
অন্যদিকে, জাতীয় পার্লামেন্টে জায়গা না পেলেও রাশিয়ার যুদ্ধবিরোধী একমাত্র নিবন্ধিত দল ইয়াবলোকো আঞ্চলিক পর্যায়ে একটি ছোট সাফল্য পেয়েছে।
মস্কোর প্রায় ৪৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত নভগোরোদ অঞ্চলে প্রায় ৯৭ শতাংশ ভোট গণনার পর দলটি ৫ শতাংশের প্রয়োজনীয় সীমা অতিক্রম করেছে বলে দেখা যাচ্ছে। ফলে আঞ্চলিক পার্লামেন্টে দলটির প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। দলটির দাবি, নভগোরোদের ১২ হাজারের বেশি ভোটার তাদের পক্ষে ভোট দিয়েছেন।
ইয়াবলোকো ইউক্রেনে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে। দলটি বলেছে, শান্তি, স্বাধীনতা এবং ভয়মুক্ত জীবন—এসব মূল্যবোধ মানুষের মধ্যে সাড়া ফেলেছে।
এছাড়া চেচনিয়ায় পুতিনের ঘনিষ্ঠ মিত্র রামজান কাদিরভ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চম মেয়াদে অঞ্চলটির নেতা নির্বাচিত হয়েছেন বলে সরকারি ফলাফলে জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স