মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইরানের দেয়া শর্তগুলো পৌঁছে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করে জানান, ইরানি নেতৃত্বের সম্মতিক্রমে মস্কো এই মধ্যস্থতা করেছে।
রুশ গণমাধ্যম রাশিয়া টোয়েন্টিফোর টেলিভিশন জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পুতিনের এই ফোনালাপে ইউক্রেইন সংঘাত ও ইরান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। পাশাপাশি, বিশ্ববাজারে জ্বালানি সংকট সামলাতে রুশ ডিজেল সরবরাহের ওপর সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। বিপরীতে অ্যামেরিকাসহহ বৈশ্বিক বাজারে তেল ও জ্বালানি পণ্য সরবরাহে প্রস্তুতির কথা নিশ্চিত করেন প্রেসিডেন্ট পুতিন।
এর আগে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, বিশ্ব বাজারে জ্বালানি সংকট মেটাতে রাশিয়া ৩.৯ মিলিয়ন টন ডিজেল ফুয়েল সরবরাহ করবে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, ‘আমি মাত্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে অত্যন্ত সফল একটি আলোচনা শেষ করেছি। এতে সম্মত হওয়া গেছে যে, রাশিয়া অবিলম্বে মার্কিন ও বৈশ্বিক বাজারে ৩ লাখ টনেরও বেশি ডিজেল জ্বালানি সরবরাহ করবে, নভেম্বর মাসে আরো ৫ লাখ টন এবং তার পরপরই ১ লাখ টন পাঠাবে। উপরন্তু, তাদের ডিজেল শোধনাগারগুলোর অবস্থার ওপর ভিত্তি করে রাশিয়া স্বল্প সময়ের মধ্যে আরো ৩০ লাখ টন ডিজেল জ্বালানি সরবরাহ করবে।
ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীর ওপর ওয়াশিংটনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং মস্কোর জ্বালানি সম্পর্কিত এই দুর্দান্ত ঘোষণার ফলে অ্যামেরিকানদের পাশাপাশি বাস্তবিকই পুরো বিশ্বের জন্য ডিজেলের দাম রেকর্ড পরিমাণে এবং খুব দ্রুত কমে আসবে। প্রেসিডেন্ট বলেন, ‘অ্যামেরিকানদের—বিশেষ করে আমাদের মহান কৃষক, খামারি এবং ট্রাক চালকদের জন্য কম দাম নিশ্চিত করাই আমার সবচেয়ে বড় অগ্রাধিকার। এটি একটি খুবই বড় ও গুরুত্বপূর্ণ ঘোষণা।’