পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আবারো রাজধানী অভিমুখে আন্দোলনের ডাক দিয়েছে পিটিআই। আগামী ৪ অক্টোবর (রবিবার) ইসলামাদ ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে সাবেক এই তারকা প্রধানমন্ত্রীর দল।
পিটিআই’র রবিবারের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে দেশটির পণ্য পরিবহন ও বাণিজ্য ব্যবস্থায় ব্যাপক শঙ্কা তৈরি হয়েছে। ইসলামাবাদে প্রস্তাবিত মিছিলকে সামনে রেখে রাস্তা অবরোধের আশঙ্কায় ট্রাক চালকরা করাচি থেকে উত্তরের দিকে যেতে অনীহা দেখাচ্ছেন। দেশটির প্রধান বন্দর করাচিতে বিপুলসংখ্যক শিপিং কনটেইনার জট লেগে গেছে। অন্যদিকে শুক্রবার পরিবহন সংশ্লিষ্টরা জানান, সেপ্টেম্বরে দুই হাজারের বেশি যানবাহন পুলিশ নিজেদের কাজে নিয়েছিল। এতে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ারসহ বিভিন্ন রুটে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।
পরিবহন মালিকরা বলেন, একটি কনটেইনারের দৈনিক ডেমারেজ খরচ ৩০ থেকে ৪০ হাজার পাকিস্তানি রুপি পর্যন্ত হতে পারে। ফলে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। পরিবহন নেতারা জানান, এই সময়ে পরিবহন খরচের সূচক ২৭ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।