ভয়াবহ ঝড়ের পূর্বাভাসে নিউইয়র্ক সিটিতে ঐতিহ্যবাহী ম্যাসি’স থ্যাংকসগিভিং ডে প্যারেড স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে আগামী শনিবার অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। প্যারেডের ১০০ বছরের ইতিহাসে এই প্রথম থ্যাংকসগিভিং ডে ছাড়া অন্য কোনো দিনে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে আয়োজক প্রতিষ্ঠান ম্যাসি’স এ সিদ্ধান্তের কথা জানায়। ম্যাসি’স জানায়, ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার নিউইয়র্ক সিটিতে ঘণ্টায় সর্বোচ্চ ৫৮ মাইল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান জানায় অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
নিউইয়র্ক সিটির মেয়র যোরান মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, ম্যাসি’স, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করেই প্যারেড স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝোড়ো বাতাসের কারণে প্যারেডের বিশাল বেলুনগুলো উড়ানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও জানান তিনি।
এর আগে ১৯৭১ সালে প্রতিকূল আবহাওয়ার কারণে প্যারেডে বড় পরিবর্তন আনতে হয়েছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত হিলিয়ামের সংকটের কারণে প্যারেড আয়োজন করা হয়নি।
এবারের আয়োজনের জন্য বুধবার ম্যানহাটনে আনা ও ফোলানো বেলুনগুলো আবার বাতাস বের করে নিউ জার্সির কারখানায় ফিরিয়ে নেওয়া হবে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া প্যারেডের জন্য নিরাপত্তা ও আয়োজনসংক্রান্ত প্রস্তুতি নিয়ে কাজ চলছে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস