


প্রকাশিত: নভেম্বর ২৫ ২০২৬, ১৭:৩২ হালনাগাদ: নভেম্বর ২৫ ২০২৬, ১৭:৩৫
পার্লামেন্টের করিডোরে এদিন গণমাধ্যমের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন ইযরায়েলি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ছবি : রয়টার্স
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় নেতানিয়াহু সরকারের ব্যর্থতা তদন্তে একটি স্বাধীন ‘রাষ্ট্রীয় তদন্ত কমিশন’ গঠনের বিল প্রাথমিক পাঠে অনুমোদন দিয়েছে ইযরায়েলি পার্লামেন্ট কেনেসেট।
বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে ৬৫–৫০ ভোটে বিলটি পাস হয়।
স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইযরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ সদস্যের এই কমিশন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলার পেছনের পরিস্থিতি এবং পরবর্তী যুদ্ধ পরিচালনার বিষয়গুলো তদন্ত করবে।
এদিন একসাথেই প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণসহ নেতানিয়াহু বিরোধী একগুচ্ছ বিল পাস হয়। প্রধানমন্ত্রী পদের মেয়াদ সর্বোচ্চ আট বছর নির্ধারণ এবং ফৌজদারি অপরাধে অভিযুক্তদের সরকার গঠনে বাধা দেয়ার বিলটি ৬৫-৪৮ ভোটে প্রাথমিক অনুমোদন দিয়েছে কেনেসেট।
পাশাপাশি অভ্যন্তরীণ পুলিশ তদন্ত বিভাগ ও নেতানিয়াহুর বিতর্কিত সম্প্রচার আইন বাতিলের উদ্যোগের বিলও অনুমোদন দেয় ইযরায়েলি পার্লামেন্ট।
সাত অক্টোবরের ঘটনায় তদন্ত সংক্রান্ত বিলটির প্রস্তাবক গাদি আইয্যানকেটর ‘ইয়াশার পার্টি’র আইনপ্রণেতা ওরিত ফারকাশ-হাকোহেন বলেন, ‘কী ঘটেছিল তা জানার এবং তদন্ত করার অধিকার সবার রয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে এই তদন্ত গুরুত্বপূর্ণ।’
প্রস্তাব অনুযায়ী, কমিশনের তদন্তের আওতায় থাকবে ২০১৪ সালের গাযা যুদ্ধের সমাপ্তি থেকে শুরু করে ২০২৬ সালের জানুয়ারিতে সর্বশেষ জিম্মির মরদেহ ফেরত আসা পর্যন্ত সময়কাল।

বিলটি পাসের পর পার্লামেন্ট কক্ষে উপস্থিত দর্শনার্থীরা উচ্ছাস প্রকাশ করেন। প্রস্তাবিত বিল অনুযায়ী, কমিশন গঠনের এক বছরের মধ্যে একটি অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করতে হবে। এর কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিকভাবে ৭০ লাখ শেকেল বা প্রায় ২ মিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
ইযরায়েলের আইনে রাষ্ট্রীয় তদন্ত কমিশনকে বড় ধরনের জাতীয় বিপর্যয় তদন্তের সবচেয়ে ক্ষমতাসম্পন্ন ও স্বাধীন কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের কমিশন সাক্ষীদের তলব করতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে ব্যক্তিগত দায়বদ্ধতা নির্ধারণের সুপারিশ করতে পারে।
কমিশনের সদস্যদের নিয়োগ দেন সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট। তবে বিদায়ী প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে এ ধরনের কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন। তার আপত্তি, বিচার বিভাগের মাধ্যমে নিয়োগ পাওয়া কমিশন সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট হতে পারে।
এর পরিবর্তে নেতানিয়াহু সরকার এমন একটি তদন্তব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল, যেখানে কমিশনের সদস্য নির্বাচন ও তদন্তের পরিধি নির্ধারণে রাজনৈতিক ব্যক্তিদের ভূমিকা থাকবে।
সমালোচকদের আশঙ্কা ছিল, এ ধরনের ব্যবস্থায় যাদের ভূমিকা তদন্তের আওতায় আসার কথা, তারাই তদন্তের নিয়ন্ত্রণ নিতে পারেন।
আইয্যানকট ব্লকের বিলটির বিরোধিতা করে নেতানিয়াহু সরকারের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ বলেন, ‘এই তদন্তের মাধ্যমে ইযরায়েলের সাহসী ও বীর সেনাদের লক্ষ্যবস্তু করা হতে পারে।’
তবে প্রস্তাবিত আইনে ইযরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের আলাদাভাবে লক্ষ্যবস্তু করা বা তাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের কোনো বিধান নেই। বরং হামলার পেছনের পরিস্থিতি এবং পরবর্তী যুদ্ধ পরিচালনার বিষয়গুলো সামগ্রিকভাবে তদন্তের কথা বলা হয়েছে।
৭ অক্টোবরের হামলায় নিহতদের স্বজন ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘অক্টোবর কাউন্সিল’ বিলটির প্রাথমিক অনুমোদনকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলেছে, ওই হামলার জন্য কারা দায়ী এবং ভবিষ্যতে এমন বিপর্যয় ঠেকাতে কী পরিবর্তন প্রয়োজন—তা জানার অধিকার নিহতদের পরিবারসহ পুরো দেশের মানুষের রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছেন নিহতদের পরিবারের সদস্যরা। জনমত জরিপেও এ ধরনের তদন্ত কমিশন গঠনের পক্ষে ব্যাপক সমর্থনের কথা উঠে এসেছে।
গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর গাদি আইয্যানকটের নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনী প্রচারে তাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল ৭ অক্টোবরের ব্যর্থতা তদন্তে স্বাধীন কমিশন গঠন। তবে এখনো নতুন সরকার গঠিত না হওয়ায় সরকার গঠনের আগেই আইন প্রণয়নের মাধ্যমে কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
যদি বিলটি আইনে পরিণত হতে আরো তিনটি ধাপের অনুমোদন প্রয়োজন। পার্লামেন্টে প্রাথমিক অনুমোদন পাওয়ায় এখন বিলটি অন্যান্য বিলের সাথে পার্লামেন্টের বিশেষায়িত কমিটিতে যাবে। পরবর্তী ধাপগুলো অতিক্রম করলেই বিলগুলো আইনে পরিণত হবে।
