ইউনাইটেড আরব আমিরাতে শুরু হলো বাংলাদেশ প্রবাসী ফুটবল লীগ সিজন–২
বাংলাদেশ প্রবাসী ফুটবল লীগ সিজন–২, আরব আমিরাত
- 0

বাংলাদেশ প্রবাসী ফুটবল লীগ সিজন–২, আরব আমিরাত

প্রকাশিত: নভেম্বর ২৫ ২০২৬, ১৭:৩৯

ইউনাইটেড আরব আমিরাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রবাসী ফুটবল লীগ সিজন–২-এর উদ্বোধনী দিনের খেলা। আজমান পুলিশ স্পোর্টস এন্ড শুটিং ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন প্রায় এক হাজার দর্শক। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের লেফট ব্যাক জায়ান আহমেদের উপস্থিতি আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।
প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণ প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং তাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্য নিয়ে এই লীগের আয়োজন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত এমন প্রতিযোগিতার মাধ্যমে প্রবাসী তরুণ ফুটবলাররা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন ক্লাব কিংবা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরিতেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত জাতীয় দলের লেফট ব্যাক জায়ান আহমেদ প্রবাসী তরুণদের ফুটবলে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “প্রবাসীরা চেষ্টা করলে আমরা পারছি, তারাও পারবে।” তার এই বক্তব্য প্রবাসে বেড়ে ওঠা তরুণদের স্বপ্ন দেখতে, কঠোর পরিশ্রম করতে এবং নিজেদের যোগ্যতা প্রমাণে উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনের চারটি ম্যাচেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং প্রতিটি ম্যাচের ফলাফল নির্ধারিত হয় ২–১ গোলের ব্যবধানে। দিনের প্রথম ম্যাচে তিস্তা রয়্যালস ২–১ গোলে তিতাস লিজেন্ডসকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে মেঘনা ইউনাইটেড একই ব্যবধানে জয় পায় পদ্মা ব্লুজের বিপক্ষে। তৃতীয় ম্যাচে যমুনা হিরোস ২–১ গোলে সুরমা জায়ান্টসকে হারায়। দিনের শেষ ম্যাচে কর্ণফুলী কিংস ২–১ গোলে হালদা টাইটানসকে পরাজিত করে, যেখানে কর্ণফুলী কিংসের একটি লাল কার্ডের ঘটনাও ঘটে। চারটি ম্যাচে মোট ১২টি গোল হওয়ায় দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা ও উচ্ছ্বাস দেখা যায়।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ প্রবাসী ফুটবল লীগের মতো আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করার একটি সম্ভাবনাময় উদ্যোগ। প্রবাসে বেড়ে ওঠা অনেক তরুণের মধ্যেই ফুটবলের প্রতি আগ্রহ ও প্রতিভা রয়েছে। যথাযথ প্রশিক্ষণ, নিয়মিত প্রতিযোগিতা এবং প্রতিভা বিকাশের সুযোগ পেলে তাঁদের মধ্য থেকেও ভবিষ্যতে দক্ষ ফুটবলার উঠে আসতে পারেন।
প্রবাসের মাটিতে এই ফুটবল আয়োজন শুধু বিনোদনের উপলক্ষ নয়, বরং নতুন প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকে সামনে এগিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা। লীগের ধারাবাহিকতা বজায় থাকলে প্রবাসী তরুণদের সঙ্গে বাংলাদেশের ফুটবলের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দেশের ফুটবলে অবদান রাখার নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য নওশের আলী, রাশেদুর রহমান চৌধুরী, আবুল কালাম আজাদ, মীর মহিউদ্দিন, নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফারুক হাসান, রেজাউল করিম, আহমেদুর রহমান জাহিদ, কমিউনিটি নেতা শাহাদাত হোসেন, আমিরুল ইসলাম এনাম, বদরুল চৌধুরী, সালেহ আহমেদ ও আলিম উদ্দিনসহ অনেকে।
