নিউ জার্সি স্টেইটের নিউয়ার্কে ডেলানি হল অভিবাসী আটক কেন্দ্রে আবারও বিক্ষোভকারী ও ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, বুধবার রাতে আটক কেন্দ্রের বাইরে সংঘর্ষ চলাকালীন বিক্ষোভরত দুজনকে গ্রেপ্তার করা হয়।
নিউয়ার্ক পুলিশের ড্রোন ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড সরানোর চেষ্টা করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া এক নারী ও এক পুরুষ অন্য স্টেইট থেকে এসেছিলেন। তাদের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, গ্রেপ্তারে বাধা দেওয়া এবং অন্যান্য অভিযোগ আনা হয়েছে।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ডেলানি হলের বাইরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দাবি, আটক কেন্দ্রে থাকা অভিবাসীরা অস্বাস্থ্যকর ও মানবেতর পরিবেশে বসবাস করতে বাধ্য হচ্ছেন।
নিউয়ার্কের মেয়র রাস বারাকা এক বিবৃতিতে বলেন, শহরের পুলিশ বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করার পর গ্রেপ্তারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
তিনি জানান, এখন থেকে পুলিশ তাদের উপস্থিতি সীমিত করে মূলত যান চলাচল নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার কাজে মনোযোগ দেবে।
একইসঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে অভিবাসী কেন্দ্রের স্বাস্থ্যকর পরিবেশের দাবি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।