প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পদত্যাগের দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন কয়েক শত মানুষ।
সাপ্তাহিক ছুটির দিন শনিবার ট্রাম্পবিরোধী এ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে ট্রাম্প মাস্ট গো ডট ওআরজি নামের ওয়েবসাইট সংশ্লিষ্টরা।
বিক্ষোভে আসা একাধিক ব্যক্তির ভাষ্য, ‘ফ্যাসিস্ট’ ট্রাম্প শাসনের অবসান চান তারা।
ট্রাম্পবিরোধী এ বিক্ষোভ আগামীতে বড় পরিসরে দেশজুড়ে ছড়িয়ে পড়বে বলে মনে করেন তারা।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ হওয়ার আগেই দেশবাসীর মধ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। অভিবাসন নীতি, মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে বিনা বিচারে মানুষ হত্যাসহ নানা কারণে ট্রাম্পের ওপর বিরক্ত সাধারণ মানুষ।
তাদের অনেকে রিপাবলিকান প্রেসিডেন্টের দায়িত্বকালকে ফ্যাসিস্ট শাসনামল হিসেবে মনে করছেন।
বিক্ষোভকারীরা ‘ক্রাইম সিন’ ট্যাপ দিয়ে একটি নির্দিষ্ট অঞ্চল ঘিরে দাঁড়িয়ে নানা স্লোগান দেন। ওই সময় ‘ট্রাম্প মাস্ট গো নাও’ (ট্রাম্পকে এখনই বিদায় নিতে হবে) স্লোগান সংবলিত ব্যানার ও ফেসটুন দেখা যায় বিক্ষোভকারীদের হাতে।
দেশের জনগণকে ট্রাম্পবিরোধী এ আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান জিম রেডি নামের এক বিক্ষোভকারী।
ট্রাম্পের কার্যক্রমে কারও ক্ষোভ থাকলে সোমবার একই স্থানে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
শান্তিপূর্ণ বিক্ষোভে শত শত মানুষ অংশ নিলেও শিগগিরই এ আন্দোলন জনসমুদ্রে পরিণত হবে বলে মনে করেন অনেকেই।
আন্দোলন ট্রাম্প প্রশাসনের ভিত নাড়িয়ে তাকে পদত্যাগে বাধ্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিক্ষোভে অংশগ্রহণকারী অনেকে।
এন্ডিজে নামের এক বিক্ষোভকারী বলেন, শুধু নির্বাচনের সময় ভোট দিয়েই রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়।
অ্যামেরিকার ইতিহাসের কথা উল্লেখ করে তিনি বলেন, রাস্তায় নেমে আন্দোলন করে দেশের মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করেছে।