তুরস্কের ইস্তাম্বুলের কারাবন্দি মেয়র একরেম ইমামোগলুর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন শহরের চিফ পাবলিক প্রসিকিউটর।
এতে দুর্নীতি ও সংঘবদ্ধ অপরাধ সংশ্লিষ্ট ১৪২টি বেআইনি কাজের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মেয়র পদ থেকে বরখাস্তকৃত ইমামোগলুকে, যার দুই হাজার বছরের বেশি সময়ের কারাদণ্ড চাওয়া হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, তুরস্কের নামী বিরোধী নেতা ইমামোগলুকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী মনে করেন অনেকে।
চলতি বছরের মার্চে শহরের আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে মেয়র ইমামোগলুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী, যাদের বিরুদ্ধে অপরাধী সংগঠন পরিচালনার পাশাপাশি ঘুষ গ্রহণ, চাঁদাবাজি ও টেন্ডার সংক্রান্ত কারচুপির অভিযোগ আনা হয়। আনীত প্রতিটি অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইমামোগলু।
সমালোচকরা মনে করেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যার লক্ষ্য প্রধান বিরোধীদল রিপাবলিকন পিপল’স পার্টিকে (সিএইচপি) দুর্বল করা। ইমামোগলুর গ্রেপ্তার তুরস্কে এক দশকের বেশি সময়ের সবচেয়ে বড় বিক্ষোভের সৃষ্টি করে।
তুরস্কের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, অভিযোগপত্র তিন হাজার ৯০০ পৃষ্ঠার বলে জানান চিফ প্রসিকিউটর অ্যাকিন গুরলেক।
তিনি জানান, অভিযোগপত্রে ৪০২ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে প্রধান ইমামোগলু।
গুরলেকের দপ্তর জানায়, একটি অপরাধী গোষ্ঠীকে সংগঠিত করার পাশাপাশি ঘুষের ১২টি, অর্থ পাচারের সাতটি এবং জালিয়াতির সাতটি অভিযোগ আনা হয়েছে ইমামোগলুর বিরুদ্ধে।
এর বাইরে আরও কিছু অপরাধের (যেমন: ঘুষ গ্রহণ, জালিয়াতি ও টেন্ডার কারচুপি) জন্যও তাকে দায়ী করা হয়েছে, যেগুলো অন্যরা করেছেন বলে অভিযোগ রয়েছে।
আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র গ্রহণ করলে বিচারের তারিখ ঠিক করা হবে বলে আশা করা হচ্ছে।
অভিযোগপত্র অনুযায়ী, সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে দুই হাজার ৩৫২ বছরের কারাদণ্ড হতে পারে ইমামোগলুর।