জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা কেন প্রটোকল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, তা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নিউ ইয়র্ক সিটিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ভিসা সংক্রান্ত জটিনতায় সফরসঙ্গী বিএনপি ও এনসিপি নেতারা জেএফকে বিমানবন্দরে প্রোটোকল থেকে আলাদা হয়ে যান। এ সুযোগে তাদের ওপর হামলা করে আওয়ামী লীগ।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যাওয়া এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের পিঠে সোমবার ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা।
জন এফ কেনেডি-জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, পিঠে ভাঙা ডিম নিয়ে হাঁটছেন আখতার। ওই সময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘আপারে কিছু কইয়েন না। আক্তাররে দ্যান।’
ওই বক্তব্যের পর কালো টুপি ও কালো শার্ট পরা একজন ডিম দেখিয়ে আখতারের পিঠের দিকে ছুড়ে মারেন। ডিমটি ভেঙে আখতারের কোটে ছড়িয়ে পড়ে। সে সময় পাশ থেকে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।
ঘটনার সময় নেভি ব্লু জার্সি ও কালো রঙের সোয়েটার পরা দুই ব্যক্তি আখতারকে সরিয়ে নিয়ে দ্রুত সামনের দিকে হাঁটেন।
আরেকটি ফুটেজে আখতারকে ‘রাজাকার’ বলে মুহুর্মুহু গালি দেন একজন। এনসিপি নেতার মাথায় ডিম ছুড়তে বলেন আরেকজন।
পরে কয়েকজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। তাদের একজনকে ‘আখতার ইজ অ্যা টেররিস্ট’ স্লোগান দিতেও দেখা যায়।
ওই সময় আখতারের সামনে ছিলেন ড. ইউনূসের আরেক সফরসঙ্গী এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
আখতারকে লক্ষ্য করে দুটি ডিম ছোড়া হয়, তার সঙ্গে থাকা তাসনিম জারা ও তাদের কাছাকাছি থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শারীরিকভাবে লাঞ্ছনা করেননি তারা, তবে তাসনিম জারাকে গালাগাল করেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা।