কাতারের মধ্যস্ততায় ইরান-অ্যামেরিকার আলোচনায় বড় ধরনের অগ্রগতি অর্জিত হয়েছে বলে দাবি করেছে কাতারি সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদ। শনিবার গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি, উভয়পক্ষ হরমুয প্রণালীতে নৌ-চলাচল এবং তেহরানের জন্য আর্থিক প্রণোদনার বিষয়ে প্রাথমিক কিছু পদক্ষেপ নিতে সম্মত হয়েছে।
কাতার-পাকিস্তানের কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরো বলা হয়, দু’পক্ষের সম্ভাব্য সমঝোতায় চায়না ও রাশিয়া জামিনদার হবে। প্রতিবেদনে জানানো হয়, তেহরান সফরে এই অগ্রগতির পর কাতারি মধ্যস্থতাকারীদের সাথে ইরানি প্রতিনিধি দল ইতোমধ্যে দোহায় পৌঁছেছে, যেখানে দ্রুতই অ্যামেরিকান প্রতিনিধি দলের উপস্থিতিতে প্রত্যক্ষ আলোচনা শুরু হবে।
বার্তা রয়টার্সকেও বিষয়টি নিশ্চিত করেছেন আলোচনায় যুক্ত এক কর্মকর্তা। অন্যদিকে আল-জাজিরাকে দেয়া সাক্ষাতকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের এই মুহূর্তে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই। তবে ইরানি একটি প্রতিনিধি দলের কাতার সফরের কথা নিশ্চিত করেছেন তিনি।
আরাঘচি বলেন, ‘মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে একটি ইরানি প্রতিনিধিদল কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমার সহকারী আলোচনা চালিয়ে যাওয়ার জন্য বর্তমানে কাতারে রয়েছেন।’
পারমাণবিক কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীদের প্রস্তাবগুলো ইরান ‘পর্যালোচনা’ করছে বলেও জানান তিনি। অন্যদিকে মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেযাইকে লেখা জেডি ভ্যান্সের চিঠি পাঠানোকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সর্বোচ্চ মহলে বিষয়টি পর্যালোচনা করছে বলেও জানান তিনি।
একইসাথে পারমাণবিক ইস্যুতে মধ্যস্ততাকারীদের দেয়া একটি প্রস্তাব ইরান পর্যালোচনা করছে বলে উল্লেখ করেছেন আব্বাস আরাঘচি।
যদিও এর আগে মধ্যবর্তী নির্বাচনের পরেই নতুন সামরিক হামলার জন্য প্রস্তুত থাকার সতর্কবার্তা দিয়েছে ওয়াশিংটন। এরইমধ্যে ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেযাইকে লেখা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের চিঠি আলোচনায় আসে। যেখানে পুনরায় আলোচনার প্রস্তাব দেয়া হয়। এরপরই মূলত শুক্রবার ইরান সফর করেন কাতারের একটি প্রতিনিধি দল।
দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময় আলোচনা শেষে ইতিবাচক অগ্রগতি নিয়ে শনিবার দোহা ফিরে কূটনৈতিক দলটি। কাতারের ওই দলের সাথেই ইরানের একজন উপ-পরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তেহরানের একটি প্রতিনিধি দলও এদিন দোহা পৌঁছান।