আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স তথা এআইয়ের সাহায্যে গান, কবিতা, উপন্যাসসহ বিভিন্ন ক্ষেত্রে সাহিত্য চর্চা কতটুকু ইতিবাচক তা নিয়ে বিশ্বজুড়েই চলছে বিতর্ক ও সমালোচনা। ইতোমধ্যে এআই দিয়ে লেখার অভিযোগে আন্তর্জাতিক পুরস্কারের তালিকা থেকে বাদ গেছে মনোনয়ন পাওয়া অনেক উপন্যাস।
তবে, এবার এআইয়ের সহযোগিতায় লেখা কল্পকাহিনী নির্ভর উপন্যাসের জন্য আলাদা ভাবে পৃথকভাবে সাহিত্য পুরস্কারের ঘোষণা দিয়েছে ফ্রান্সের ৩ প্রযুক্তি উদ্যোক্তা। ওই উদ্যোক্তারা হলেন ফিলিপ রদ্রিগেজ, আলবিন সার্ভিয়ান্ত ও জিল মেন্ত্রে।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, প্রি পাস্কাল দ্য লিটারেচার আইএ নামের ও সাহিত্য পুরস্কারটি চালু হয়েছে গত সপ্তাহে থেকে। ক্যালকুলেটরের আবিষ্কারক ফরাসি বিজ্ঞানী, দার্শনিক ব্লেইজ পাসকালের নামানুসারে পুরস্কারটির নাম দেওয়া হয়েছে।
পুরস্কার পেতে যেভাবে অংশ নিতে হবে
প্রি পাস্কেলের জন্য আবেদন করতে সুনির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে অপ্রকাশিত গল্পের পান্ডুলিপি জমা দিতে হবে। এতে অংশ নিতে পারবেন বিশ্বের যেকোনো দেশের লেখকরা। তবে পাণ্ডুলিপি পাঠাতে হবে ফরাসি ভাষায়।
পাণ্ডুলিপিটি হতে পারবে ১০ হাজার থেকে ৫০ হাজার শব্দের। কল্পকাহিনী নির্ভর গল্প হলেও সেখানে নৈতিক, সামাজিক কিংবা পরিবেশগত সমস্যা সমাধানের বার্তা থাকতে হবে।
একইসঙ্গে গল্পটি কোন এআই মডেলের সহায়তায় লেখা হয়েছে তা উল্লেখ করতে হবে। প্রাথমিকভাবে সহায়ক হিসেবে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লদ, এলএলএএমএসহ প্রধান সব ভাষাভিত্তিক এআই মডেল ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।
জমা হওয়া পাণ্ডুলিপিগুলো যাচাই করবেন ৫ থেকে ৬ জনের বিচারকদের একটি দল। তাদের মধ্যে থাকবেন লেখক, সাহিত্য সমালোচক, সাংবাদিক, দার্শনিক ও প্রকাশক। চলতি বছর নভেম্বরে বিচারকদের নাম ঘোষণা করা হবে।