ফুসফুসে থাকা ছোট একটি টিউমার অপসারণের জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন ক্যাথলিক চার্চের প্রধান ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান পোপ চতুর্দশ লিও।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ মঙ্গলবার বিকেলে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হওয়ার পর অস্ত্রপচার করা হবে। ৭১ বছর বয়সী এই ধর্মীয় নেতার ১৭ মাসের দায়িত্বকালে এটিই প্রথম বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যা।
এর আগে রোববার পোপ জানান, সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষার সময় তার ফুসফুসে ছোট একটি নডিউল শনাক্ত হয়। এটি প্রাথমিক পর্যায়েই ধরা পড়েছে এবং নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রয়েছে।
ভ্যাটিকান জানিয়েছে, অস্ত্রোপচারের পর সুস্থ হতে পোপের প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। এ কারণে ২০ অক্টোবর পর্যন্ত তার সব প্রকাশ্য কর্মসূচি বাতিল করা হয়েছে।
চিকিৎসকদের মতে, ফুসফুসের নডিউল সব সময় ক্যানসারযুক্ত হয় না। আমেরিকান থোরাসিক সোসাইটির তথ্য অনুযায়ী, ফুসফুসের নডিউলের ৫ শতাংশেরও কম ক্যানসারযুক্ত হয়ে থাকে।
আগামী ৬ থেকে ১৭ নভেম্বর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরুতে ১১ দিনের সফরে যাওয়ার কথা রয়েছে পোপের। অস্ত্রোপচারের কথা জানানোর সময়ও তিনি সফরটি চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।