ফ্লোরিডায় ভারী বৃষ্টিপাত ও বন্যার ফলে ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াত ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে সাতটি কাউন্টিতে কয়েকটি ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে সড়কে সৃষ্ট বিপজ্জনক পরিস্থিতি নিয়েও ভোটারদের সতর্ক করেছেন কর্মকর্তারা।
ফ্লোরিডার স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ব্রেভার্ড, হাইল্যান্ডস, ইন্ডিয়ান রিভার, মার্টিন, ওকিচোবি, পাম বিচ ও সেন্ট লুসি কাউন্টিতে অস্থায়ী ভোটকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।
গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে এসব এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়। এতে সড়ক ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি দেখা দেয়। ফলে সোমবার সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন স্টেট গভর্নর রন ডিস্যান্টিস।
সেন্ট লুসি কাউন্টিতে বন্যার পানির কারণে কয়েকটি ভোটকেন্দ্রে যাওয়ার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সেগুলোর অবস্থান পরিবর্তন করা হয়েছে। বিকল্প কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে পোর্ট সেন্ট লুসি কমিউনিটি সেন্টার, ট্র্যাডিশন টাউন হল এবং মিডফ্লোরিডা ক্রেডিট ইউনিয়ন ইভেন্ট সেন্টার।
তবে পরিস্থিতি অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকায় আরও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভোট দিতে যাওয়ার আগে ভোটারদের সংশ্লিষ্ট কাউন্টির নির্বাচন কার্যালয়ের ওয়েবসাইট দেখে নেওয়ার অথবা ফোনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, পোর্ট সেন্ট লুসির লিগ্যাসি হাইস্কুলে একটি ভোটকেন্দ্র মঙ্গলবার খোলা থাকলেও সেখানে যেতে বেগ পেতে হচ্ছে ভোটারদের। বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়া এবং বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা বসানোর কারণে যাতায়াতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউপিইসি।
বন্যার কারণে ট্রেজার কোস্ট এলাকায় বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে কয়েকটি সরকারি দপ্তর ও জনসেবামূলক কার্যক্রমও।
স্থানীয় কর্মকর্তারা বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সড়কে দেওয়া প্রতিবন্ধকতা অমান্য না করা এবং জমে থাকা বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছেন তারা।