Skip to main content

টেক্সাসের মহাসড়কে ব্যক্তিগত জেট বিধ্বস্ত, নিহত ১

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৭ ২০২৬, ১৩:১৭ হালনাগাদ: জুন ১৭ ২০২৬, ১৪:৩৬

স্টেইটের লরেডো শহরে মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছবি: এবিসি নিউজ

স্টেইটের লরেডো শহরে মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছবি: এবিসি নিউজ

  • 0

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল একটি সেসনা সাইটেশন ল্যাটিটিউড জেট। বিমানটি মঙ্গলবার সন্ধ্যায় মেক্সিকোর সান হোসে দেল কাবো থেকে উড্ডয়ন করে টেক্সাসের অস্টিনে যাওয়ার পথে ছিল।

টেক্সাসের একটি মহাসড়কে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানে থাকা আরও ৫ আরোহী আহত হয়েছেন।

এবিসি নিউজ জানায়, স্টেইটের লরেডো শহরে মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লারেডো পুলিশ বিভাগ নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের সদস্যদের অবহিত করার পর পরিচয় জানানো হবে।

শহরের মেয়র ভিক্টর ট্রেভিনো এক বিবৃতিতে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানিয়েছেন।

বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান নেটজেটস জানিয়েছে, দুর্ঘটনায় তাদের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কর্মকর্তাদের সহায়তা করছে বলেও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল একটি সেসনা সাইটেশন ল্যাটিটিউড জেট। বিমানটি মঙ্গলবার সন্ধ্যায় মেক্সিকোর স্যান হোসে দেল কাবো থেকে উড্ডয়ন করে টেক্সাসের অস্টিনে যাচ্ছিলো। তবে যাত্রাপথে এটি লারেডোর দিকে মোড় নেয়। পরে শহরের বব বুলক লুপ এলাকায় এর ট্র্যাকিং তথ্য শেষবারের মতো রেকর্ড করা হয়।

তদন্ত কর্মকর্তা জো বায়েজা সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পর বিমানের একটি অংশ সড়কের ওপর পড়ে রয়েছে। এছাড়া ঘটনাস্থলে ছড়িয়ে পড়া জেট ফুয়েল অপসারণ ও পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজও চলছে। এ কারণে লুপ–২০ মহাসড়কের উভয় দিক দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআই সদস্যরা উপস্থিত রয়েছেন। দ্য ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেইফটি বোর্ড-এনটিএসবি জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, এনটিএসবির নেতৃত্বে দুর্ঘটনার তদন্ত পরিচালিত হবে এবং এফএএ এতে সহায়তা করবে।