লুইজিয়ানা স্টেইটে একটি শিল্প কারখানায় রাসায়নিক গ্যাস লিকের ঘটনায় অন্তত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এবিসি নিউজ জানায়, মঙ্গলবার সকাল ৭টার কিছু পর ডুসন এলাকায় অবস্থিত এফআইবিএ টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি শিল্প গ্যাস সংরক্ষণ ও সংশ্লিষ্ট সেবা প্রদান করে থাকে।
লুইজিয়ানা স্টেইট পুলিশের তথ্য অনুযায়ী, একটি ভালভ ত্রুটির কারণে বোরন ট্রাইফ্লুরাইড নামের একটি রাসায়নিক গ্যাস বেরিয়ে যায় এবং দুর্ঘটনা ঘটে।
অকুপেশনাল সেফটি আ্যন্ড হেলথ আ্যডমিনিস্ট্রেশন-ওএসএইচএ জানায়, নির্গমন হওয়া এ গ্যাসের তীব্র ও শ্বাসরোধকারী গন্ধ রয়েছে।
ঘটনাস্থলের ভিডিওতে কারখানা থেকে সাদা ধোঁয়ার মতো গ্যাস বের হতে দেখা গেছে।
ফায়ার ফাইটার ও বিপজ্জনক পদার্থ মোকাবিলা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্যাসের সংস্পর্শে আসার কারণে প্রতিষ্ঠানটির ৬ জন কর্মী, ৩ জন জরুরি সেবাকর্মী এবং পাশের একটি প্রতিষ্ঠানের ১ জন কর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল এবং আঘাত গুরুতর নয় বলে জানানো হয়।