বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টে একদিনে সবচেয়ে বেশি আরোহনের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বুধবার (২০ মে) নেপালের অংশ দিয়ে মোট ২৭৪ জন সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির পর্বতারোহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নেপালের এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের মহাসচিব ঋষি ভান্ডারি বৃহস্পতিবার জানান, সফল আরোহীদের মধ্যে বিদেশি পর্বতারোহী ছাড়াও নেপালের শেরপা গাইডরা ছিলেন। এর আগে নেপালের দিক থেকে একদিনে সর্বোচ্চ আরোহনের রেকর্ড ছিল ২০১৯ সালের ২২ মে। সেদিন চূড়ায় উঠেছিলেন ২২৩ জন।
তবে এভারেস্টে অতিরিক্ত ভিড় নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে চূড়ার নিচের তথাকথিত “ডেথ জোন” এলাকায় দীর্ঘ সারি ও যানজটের মতো পরিস্থিতি প্রায়ই প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। এই এলাকায় প্রাকৃতিক অক্সিজেনের মাত্রা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সীমার চেয়ে অনেক কম।
যদিও ঋষি ভান্ডারি দাবি করেছেন, আরোহীরা বিভিন্ন ক্যাম্প ও রুটে ছড়িয়ে থাকায় বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি। তবে তিনি বলেন, প্রতিদিন ২৫০ জনের বেশি আরোহনের চেষ্টা না করাই ভালো।
পর্বতারোহণ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন—নেপাল বিপুল সংখ্যক আরোহনের অনুমতি দিয়ে ঝুঁকি বাড়াচ্ছে। এ বছর দেশটি এভারেস্টে আরোহণের জন্য ৪৯৪টি পারমিট দিয়েছে, প্রতিটির মূল্য ১৫ হাজার ডলার।
ক্রমবর্ধমান ভিড় ও অনভিজ্ঞ আরোহীদের ঝুঁকি কমাতে নেপাল সরকার ইতোমধ্যে কড়াকড়ি নিয়ন্ত্রণ ও ফি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।