ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি বলেছেন, অ্যামেরিকান ঘাঁটিগুলো দ্রুত বন্ধ না করলে হামলা অব্যাহত থাকবে।
দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে এ কথা বলেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত্ব টিভি চ্যানেলে মুজতবা খামেনির ভাষণটি প্রচার করা হয়।
ওই ভাষণে চলমান যুদ্ধ নিয়ে অ্যামেরিকাকে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতিতে ইরানিদের কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানান।
মুজতবা খামেনি বলেন, ‘বিভিন্ন অঞ্চলে অবস্থিত সমস্ত অ্যামেরিকান ঘাঁটিগুলো দ্রুত বন্ধ করতে হবে। আর তা না হলে হামলা চলতে থাকবে।‘
‘ইরান প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষায় বিশ্বাসী কিন্তু অ্যামেরিকার ঘাঁটিতে হামলা অব্যাহত থাকবে,’ তিনি যোগ করেন।
ইরানের নিয়ন্ত্রণাধীণ হরমুজ প্রণালী ব্যবহার প্রসঙ্গে বলেন, শত্রুপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে এটি বন্ধ থাকবে।
বিশ্বব্যাপী প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। ইতোমধ্যে এ পথটি বন্ধের প্রভাব পড়েছে সব দেশে।
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর গত ৮ মার্চ দায়িত্ব গ্রহণ করেন মুজতবা খামেনি।
একাধিক সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পরপর অ্যামেরিকা-ইসরায়েলের যৌথ হামলায় আহত হন মুজতবা খামেনি। যার ফলে এতদিন জনসমক্ষে উপস্থিতি কিংবা কোনো ভাষণ দিতে দেখা যায়নি তাকে।