Skip to main content

মায়ামির হোটেলে ভার্চুয়াল ফ্রন্ট ডেস্ক পরিচালনায় ভারতীয়, ক্ষুব্ধ অ্যামেরিকানরা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫ ২০২৫, ৮:৪৬ হালনাগাদ: মে ২৫ ২০২৬, ১৬:১০

মায়ামির হোটেলে ভার্চুয়াল ফ্রন্ট ডেস্ক পরিচালনায় ভারতীয়, ক্ষুব্ধ অ্যামেরিকানরা
  • 0

ফ্রন্ট ডেস্ক চালাচ্ছেন ভারতীয় একজন ভার্চুয়াল রিসেপশনিস্ট। ছবি: টাইমস অফ ইন্ডিয়া

সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় মায়ামির একটি হোটেলে ফ্রন্ট ডেস্ক চালাচ্ছেন ভারতীয় একজন ভার্চুয়াল রিসেপশনিস্ট।

ভিডিওতে দেখা যায়, অতিথিরা হোটেলের রিসেপশনে পৌঁছালে সামনে একটি বড় স্ক্রিনে একজন পুরুষ ভেসে ওঠেন এবং ভার্চুয়ালি তাদের চেক-ইন প্রক্রিয়া পরিচালনা করেন। অভিযোগ উঠেছে, ওই ব্যক্তি ভারত থেকে রিমোটলি হোটেল পরিচালনা করছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অ্যামেরিকান নাগরিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এটা মিয়ামি না, মনে হচ্ছে মুম্বাই! আমাদের দেশের চাকরি অন্যদের দেওয়া হচ্ছে’, এমনকি কেউ কেউ সরাসরি লিখেছেন, ‘হায়ার অ্যামেরিকানস।’

ক্ষুব্ধ একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি জানি প্রযুক্তি আগাচ্ছে, কিন্তু যখন হোটেলের মতো জায়গায় আমাদের নাগরিকদের চাকরি না দিয়ে বিদেশ থেকে মানুষ বসিয়ে দেওয়া হয়, তখন সেটি মেনে নেওয়া যায় না।’

আরেকজন প্রশ্ন তোলেন, ‘এভাবে যদি ব্যবসা চলে, তবে আমাদের ভবিষ্যৎ কোথায়?’

একজন ব্যবহারকারী দাবি করেন, ‘আউটসোর্সিং অন্য স্তরে পৌঁছেছে। ভারত এর সবচেয়ে বড় সুবিধাভোগী।’

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভাইরাল ভিডিওটি পিট ল্যাংস নামে এক ব্যক্তি তার টিকটক এবং ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যেখানে তিনি তার হোটেল চেক-ইন অভিজ্ঞতা তুলে ধরেন।

ভিডিওতে স্ক্রিনের অপর পাশে থাকা ব্যক্তির উচ্চারণ, পোশাক এবং চেহারার ভিত্তিতে অনেকেই ধারণা করছেন তিনি একজন ভারতীয়। যদিও হোটেল কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে ধারণা করা হচ্ছে খরচ কমানোর লক্ষ্যেই তারা এই ব্যবস্থা নিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, স্টেম ক্ষেত্রগুলোতে অ্যামেরিকান কর্মীদের ওপর আধিপত্য বিস্তার করছে ভারতীয় পেশাদাররা। ২০২৩ সালে ৭০ শতাংশের বেশি ভারতীয়দের এইচ -১বি ভিসা দেওয়া হয়েছে।

দক্ষ কর্মী বাহিনী এবং কম পরিচালন ব্যয়ের কারণে অনেক অ্যামেরিকান সংস্থা ভারতে কাজ আউটসোর্স করে। ডেলয়েটের মতে, ৫৯ শতাংশ অ্যামেরিকান কোম্পানি ভারতে আউটসোর্স করে থাকে।