জর্ডানের কারাক গভর্নরেটের একটি গির্জায় প্রাণঘাতী হামলার ঘটনায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির স্টেট সিকিউরিটি কোর্ট। রবিবার (১৫ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়। গত ২৩ অক্টোবর হামুদ গ্রামের সেন্ট জর্জ গ্রিক অর্থোডক্স চার্চে হামলায় ৯ জন নিহত হওয়ার ঘটনায় এ রায় দেওয়া হলো।
গত ২৩ অক্টোবর কারাক গভর্নরেটের হামুদ গ্রামের সেন্ট জর্জ চার্চে একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে সশস্ত্র হামলা চালায় বন্দুকধারীরা। এতে ৯ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন। হামলার পর দেশজুড়ে শোকের সৃষ্টি হয়।
ঘটনার তিন দিন পর নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে দুই ভাইসহ তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। অভিযানের সময় গোলাগুলিতে তিনজনই আহত হন। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট ১০টি অভিযোগ আনা হয়।
জর্ডানের পেট্রা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, অভিযোগগুলোর মধ্যে ছিল প্রাণহানির উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে হামলা, সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র সংরক্ষণ এবং সন্ত্রাসী সংগঠনের আদর্শ প্রচার।
এই ঘটনায় সন্ত্রাসী চক্রের আন্তঃসীমান্ত নেটওয়ার্ক ও লজিস্টিক সংযোগের সূত্র ধরে সিরিয়ায় বিমান হামলা চালায় জর্ডানি বাহিনী। আম্মানের দাবি, উগ্রগোষ্ঠী আইসিসের সাথে হামলাকারীদের যোগসূত্র রয়েছে।
যদিও সিরিয়ায় চালানো হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য জানায় দামাস্কাস। এ ঘটনার পর সিরিয়ার সাথে দেশটির সম্পর্কেরে টানাপোড়েন শুরু হলে গত সপ্তাহে দামাস্কাস সফর করেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী।