স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে এক দিনে রেকর্ডসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর আগমন
- 0


প্রকাশিত: নভেম্বর ২৫ ২০২৬, ১৩:৫০ হালনাগাদ: নভেম্বর ২৫ ২০২৬, ১৪:১৬
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে। অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় করে পশ্চিম আফ্রিকা থেকে আসা এসব অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা এক দিনে দ্বীপপুঞ্জটিতে পৌঁছানোর আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
বুধবার (২৫ নভেম্বর) স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা, মেরিটাইম রেসকিউ সার্ভিসের তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
এর আগে প্রায় দুই সপ্তাহ আগে এক দিনে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসনপ্রত্যাশীর আগমনকে সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়েছিল।
উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বিপজ্জনক সমুদ্রযাত্রার সময় একটি নৌকা থেকে এক অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই যাত্রাপথে আরেক নারী সন্তান জন্ম দিয়েছেন।
অভিবাসনপ্রত্যাশীরদের অধিকাংশই পৌঁছেছেন এল হিয়েরো দ্বীপে। প্রায় ১১ হাজার ৪০০ মানুষের বসবাস এই দ্বীপটি পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। চলতি মাসের শুরুতেই ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক সরকার অভিবাসনপ্রত্যাশীরদের ক্রমবর্ধমান আগমনকে অসহনীয় পরিস্থিতি বলে বর্ণনা করেছিল।
এদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, অভিবাসন পরিস্থিতি মোকাবিলায় ইউরোপের একটি সমন্বিত নীতি প্রয়োজন। এ ক্ষেত্রে সেনেগাল ও গাম্বিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সীমান্ত নিয়ন্ত্রণ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
তবে একই সঙ্গে শ্রমিকসংকটে থাকা আবাসনসহ বিভিন্ন খাতে কর্মী নিয়োগের জন্য বৈধ অভিবাসনের পথও উন্মুক্ত রাখার পক্ষে মত দিয়েছেন সানচেজ।
পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। প্রতিবছর হাজার হাজার মানুষ অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় করে উত্তাল সমুদ্র, প্রবল স্রোত ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্পেনের ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করেন।
শরৎকালে এই পথে অভিবাসীদের যাতায়াত সাধারণত বেড়ে যায়। এ সময় সমুদ্রের পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকায় নৌযাত্রা কিছুটা অনুকূল হয়ে ওঠে।
সামুদ্রিক উদ্ধার পরিষেবার তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৩ জনে। এ সংখ্যা গত বছরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেলেও ২০২৪ সালে রেকর্ড হওয়া ৪৬ হাজার ৮৪৩ জনের তুলনায় এখনো কম। গত দুই মাসেই প্রায় ২১ হাজার অভিবাসনপ্রত্যাশীর দ্বীপপুঞ্জটিতে পৌঁছেছেন।
