নিউ ইয়র্ক সিটিতে বিভিন্ন এলাকায় ২ বছর বয়সী শিশুদের জন্য শিগগিরই চালু হচ্ছে বিনামূল্যে ডে কেয়ার সেবা।
আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবার ম্যানহাটনের হারলেমে সুগার হিল চিলড্রেনস মিউজিয়াম অব আর্ট অ্যান্ড স্টোরিটেলিং পরিদর্শনকালে এ তথ্য নিশ্চিত করেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি ও নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, প্রথম ধাপে চারটি এলাকায় ২০০০হাজার সিট বরাদ্দ দেওয়া হবে। এলাকাগুলো হলো হলো ওয়াশিংটন হাইটস ও ইনউড, ফোর্ডহ্যাম ও কিংসব্রিজ, ওজন পার্ক ও রকওয়েস এবং ইস্ট ব্রুকলিনের ক্যানারসি, ব্রাউনসভিল ও ওশান হিল।
মামদানি বলেন, ‘২-কে প্রকল্পের আওতায় চারটি এলাকায় ডে কেয়ার চালু করা আমাদের কাজের শুরু মাত্র।
‘এর মধ্য দিয়ে নিউ ইয়র্কবাসীর ব্যয় কমবে, অর্থনীতি শক্তিশালী হবে এবং আরও পরিবার সিটিতে নিজেদের জীবন গড়ে তোলার সুযোগ পাবে।’
গভর্নর হোকুল বলেন,’ নিউ ইয়র্ক স্টেইট প্রথমবারের মতো সিটির শিশু ও পরিবারগুলোকে এমন প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এতে পিছিয়ে থাকব না।‘
স্টেইট প্রশাসন জানায়, প্রকল্পটির জন্য ইতোমধ্যে পূর্ণ তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর ২ বছর বয়সী ১২ হাজার শিশুর জন্য বিনামূল্যে ডে কেয়ার সুবিধা দেওয়া হবে। পাশাপাশি, ২০২৯-৩০ সালের ভিতর সিটির সব ২ বছর বয়সী শিশুদের এ প্রকল্পের আওতায় আনা হবে।