সংঘর্ষ
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: নিহত ২
- 0


প্রকাশিত: নভেম্বর ২৯ ২০২৬, ১৬:৩১ হালনাগাদ: নভেম্বর ২৯ ২০২৬, ১৯:৫০

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে, গুলিবিদ্ধ হয়ে দুজন আওয়ামী কর্মী নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) ভোরে নাওডোবা এলাকায় সংঘটিত এই ঘটনায় অন্তত ২০টি মোটরসাইকেল ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং দফায় দফায় ককটেল বিস্ফোরণের খবর জানিয়েছে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, নিহত দুজন হলেন শরীয়তপুর সদর উপজেলার সোনামুখী গ্রামের মৃত হাফিজ উদ্দিন সিপাহীর ছেলে মো. ইব্রাহিম সিপাহী (২৮) এবং মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দাদন মৃধার ছেলে নিজাম মৃধা (৪৫)। পরিবার ও স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, ইব্রাহিম যুবলীগের এবং নিজাম আওয়ামী লীগের কর্মী ছিলেন। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আহত ইব্রাহিম ও নিজামকে ঢাকায় নেয়ার পথে তাঁদের মৃত্যু হয় ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ত্যথমতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অবস্থান নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া, ঘটনার একাধিক ভিডিওতে দেখা যায়,দেশীয় অস্ত্র হাতে এক্সপ্রেসওয়ে অবরোধ এবং ধোঁয়ার কুণ্ডলী।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান গণমাধ্যমকে বলেন, “পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সারারাত দায়িত্ব পালন করেছে। ভোরের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটালে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।”
অবরোধ ও সংঘর্ষের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৮টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে গেলে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়।
