ঋণসহ ১১০ বিলিয়ন ডলারের বিনিময়ে আনুষ্ঠানিকভাবে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস ডিসকভারির মালিকানা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। হলিউডের বড় দুই প্রযোজনা সংস্থার একত্রিত হবার পর এটি পরিচালিত হবে স্কাইড্যান্স করপোরেশন নামে।
অনেকদিন ধরেই প্যারামাউন্টের ওয়ার্নার ব্রস অধিগ্রহণের কথা থাকলেও, এ নিয়ে চলছিল নানা আশঙ্কা, আলোচনা ও আইনি জটিলতা।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো নেটফ্লিক্সের সঙ্গে ওয়ার্নার ব্রস ডিসকভারির অধিগ্রহণ নিয়ে প্যারামাউন্টের প্রতিযোগিতা।
প্রথমদিকে নেটফ্লিক্সের সঙ্গে ওয়ার্নার ব্রস ডিসকভারির একটি অংশ কেনার চুক্তি হয়েছিল। কিন্তু প্যারামাউন্ট স্কাইড্যান্স পাল্টা প্রতিযোগিতায় নেমে দরপত্রের লড়াই শুরু করে। শেষ পর্যন্ত নেটফ্লিক্স চুক্তি থেকে সরে দাঁড়ায়।
এরপর বিভিন্ন স্টেইটের আইনজীবীরা চুক্তিটি ঠেকাতে মামলা করেন। ক্যালিফোর্নিয়ার নেতৃত্বে করা এসব মামলায় বলা হয়েছিল,বড় দুই প্রযোজনা সংস্থার একত্রীকরণ মিডিয়া জগতে প্রতিযোগিতা কমিয়ে দেবে, ভোক্তাদের খরচ বাড়াবে এবং দর্শকদের জন্য ক্ষতি বয়ে আনবে।
তবে কিছু শর্তের ভিত্তিতে গত মাসে আইনজীবিরাও প্যারামাউন্টের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছালে মালিকানা কেনার পথ সহজ হয়।
সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রস একত্রিত হবার ফলে নেতৃস্থানীয় কর্মকর্তার রদবদলসহ বিভিন্ন টেলিভিশন, স্ট্রিমিং প্লাটফর্ম, সিনেমা, ফ্র্যাঞ্জাইজির মালিকানাও পরিবর্তন হবে।
দুই স্টুডিও নিয়ে গঠিত নতুন সংস্থা স্কাইড্যান্স করপোরেশনের সিইও হবেন ডেভিড এলিসন।
সেইসঙ্গে এইচবিও, সিবিএস, শো টাইম, কমেডি সেন্ট্রাল, ডিসি স্টুডিওস, ফুড নেটওয়ার্কের মতো প্ল্যাটফর্মগুলো চলে আসবে একই ছাদের নিচে।
আর ওয়ার্নার ব্রোসের হ্যারি পটার, গেম অব থ্রোনস, দ্য লর্ড অব রিংসের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজিগুলোর মালিকানাও পেতে যাচ্ছে প্যারামাউন্ট।