কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে পাকিস্তান-আফগানিস্তান।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার কাতারের রাজধানী দোহায় চলমান এক শান্তি আলোচনায় দুই দেশ যুদ্ধবিরতির সিদ্ধান্তে সম্মতি দেয়।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় বলেন,’যুদ্ধবিরতির এ সিদ্ধান্ত চূড়ান্ত। বিস্তারিত আলোচনা করতে দুই দেশ ২৫ অক্টোবর আবার আলোচনায় বসবে।’
পরবর্তী আলোচনার আগ পর্যন্ত এ যুদ্ধবিরতি বহাল থাকবে থাকবে বলে জানিয়েছে রয়টার্সের প্রতিবেদন।
তালেবান সরকারের মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদ এ যুদ্ধবিরতিকে অর্থবহ বলে উল্লেখ করেছেন।
একসময়ের মিত্র দুই দেশের মধ্যে দ্বন্দ শুরু হয় ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকারের ক্ষমতায় আসার পর।
পাকিস্তানের অভিযোগ, তালেবান সরকার তাদের দেশে হামলা করা সশস্ত্র জঙ্গী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। তবে শুরু থেকেই এ অভিযোগ খারিজ করে আসছে আফগান সরকার।
এ সমস্যার জেরে গত ১০ অক্টোবর থেকে সীমান্তবর্তী এলাকায় শুরু হয় পাল্টাপাল্টি আক্রমণ। ৯ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশে ঘটে গেছে শতাধিক প্রাণহানির ঘটনা।