Skip to main content

যুবসমাজ শুধু ভবিষ্যৎই নয়, তারাই বাংলাদেশের বর্তমান: পররাষ্ট্র উপদেষ্টা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮ ২০২৫, ২৩:৩৪ হালনাগাদ: জুন ৯ ২০২৬, ২:৫৩

নিউ ইয়র্কে সোমবার ‘জুলাই বিয়ন্ড বর্ডারস-সেলিব্রেশন অব দ্য পাওয়ার অব ইয়ুথ ইন ট্রান্সফরমিং বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন

নিউ ইয়র্কে সোমবার ‘জুলাই বিয়ন্ড বর্ডারস-সেলিব্রেশন অব দ্য পাওয়ার অব ইয়ুথ ইন ট্রান্সফরমিং বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন

  • 0

বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতাকে বৈশ্বিক বাস্তবতার সঙ্গে অত্যন্ত সঙ্গতিপূর্ণ মন্তব্য করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে তৌহিদ হোসেন বলেন, ‘তারুণ্যের প্রতি আস্থা রাখলে তারা জাতি গঠনের কেন্দ্রে দাঁড়াতে পারে।’

যুবসমাজই বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

নিউ ইয়র্কে সোমবার ‘জুলাই বিয়ন্ড বর্ডারস-সেলিব্রেশন অব দ্য পাওয়ার অব ইয়ুথ ইন ট্রান্সফরমিং বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গত বছরের জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও নিউ ইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‘যুবসমাজ শুধু আমাদের ভবিষ্যৎই নয়, বাংলাদেশে তারা আমাদের বর্তমান। এক বছর আগে তাদের হাত ধরেই সমতা, স্বচ্ছতা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের দাবি সার্বজনীন জন-আকাঙ্ক্ষায় রূপ নেয়’, বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া এ আন্দোলনের ধারাবাহিকতায় শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠার জন্য ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার।

ওই সময় বিগত এক বছরে বর্তমান সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন উপদেষ্টা।

বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতাকে বৈশ্বিক বাস্তবতার সঙ্গে অত্যন্ত সঙ্গতিপূর্ণ মন্তব্য করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে তৌহিদ হোসেন বলেন, ‘তারুণ্যের প্রতি আস্থা রাখলে তারা জাতি গঠনের কেন্দ্রে দাঁড়াতে পারে।

‘যারা একসময় মিছিলের অগ্রভাগে ছিল, আজ তারা নীতিনির্ধারণে অংশ নিচ্ছে। আর আগামী দিনের দিকনির্দেশনা ঠিক করতে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছে।’

বাংলাদেশে তরুণদের নেতৃত্ব জাতিসংঘের যুববিষয়ক নীতি ও কার্যক্রমের সঙ্গে দৃঢ়ভাবে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার সফল গণআন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালার আলোকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত তথ্যচিত্র এবং পোস্টার, দেয়াল লিখন ও আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নবযাত্রায় যুব সমাজের অনন্য অবদানকে তুলে ধরা হয়।

বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘের কর্মকর্তাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে এ বিশেষ আয়োজনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও জাতিসংঘের ইয়ুথ অফিসের প্রতিনিধি ড. সুধা বালাকৃষ্ণণ বক্তব্য দেন।

বালাকৃষ্ণণ তার বক্তব্যে বলেন, ‘জাতিসংঘ সমাজ পরিবর্তনে যুবসমাজের সত্যিকারের অংশগ্রহণকে সর্বদাই উৎসাহিত করে থাকে। বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তনের অগ্রভাগে থাকা যুবশক্তি। তাই অন্যান্য সমাজের জন্যও অনুপ্রেরণার উৎস হতে পারে।’

ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্র সমাধানের লক্ষ্যে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন।