সন্তানদের রক্ষা করতে গিয়ে স্বামীর গুলিতে নারী খেলোয়াড় নিহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮ ২০২৫, ৯:১৩

মিশরের নারী জুডো খেলোয়াড় দিনা আলা। ছবি: গালফ নিউজ

মিশরের নারী জুডো খেলোয়াড় দিনা আলা। ছবি: গালফ নিউজ

  • 0

পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, পারিবারিক বিরোধের জেরে এই গুলি চালানো হয়ে থাকতে পারে।

মিশরীরের নারী জুডো খেলোয়াড় দিনা আলাকে রোববার আলেকজান্দ্রিয়ায় তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার শরীরে তিনটি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ জানায়,মিশরের স্মোহা স্পোর্টিং ক্লাবের জুডো খেলোয়াড় ২৮ বছর বয়সী দিনা আলার মৃতদেহ তার অ্যাপার্টমেন্টের ভেতরে দেখতে পায় পুলিশ।

পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, পারিবারিক বিরোধের জেরে এই গুলি চালানো হয়ে থাকতে পারে। আলাকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন তার স্বামী। তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে হাসপাতালে কড়া পাহারায় রাখা হয়েছে বলে জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ।

হামলার সময় তাদের দুটি ছোট বাচ্চা ঘরের ভেতরে ছিল। তবে তারা সুস্থ আছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই হত্যাকাণ্ডের জন্য স্বামীই প্রধান সন্দেহভাজন। প্রত্যক্ষদর্শী এবং প্রতিবেশীরা জানান, দম্পতির মধ্যে প্রায়শই ঝগড়া হত। কর্মকর্তারা ধারণা করছেন, স্বামী তার স্ত্রীকে গুলি করে আত্মহত্যার চেষ্টার আগে তাদের মধ্যে উত্তপ্ত তর্ক হয়ে থাকতে পারে। যার জেরে স্ত্রীকে হত্যা করেন তিনি।

আলার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতের জন্য ফরেনসিক বিশেষজ্ঞরা ময়নাতদন্ত করছেন।

তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন যে দিনা আলা গুলিবিদ্ধ হওয়ার আগে তার সন্তানদের রক্ষা করার চেষ্টা করেছিলেন।

স্মোহা ক্লাব দিনা আলা'র মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে তাকে ‘জুডো দলের একজন প্রিয় সদস্য’ বলে অভিহিত করা হয়েছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এ ঘটনায় মিশরীয় কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ এবং সাক্ষীদের বক্তব্য গ্রহণ অব্যাহত রেখেছে।