নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জোরান মামদানির ক্ষমতা গ্রহণের বাকি সাত দিন।
শপথ পাঠ, ব্লক পার্টিসহ এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পহেলা জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
শেষ সময়ে অভিষেক অনুষ্ঠানের দায়িত্বে থাকা কমিটির সদস্যদের পরিচয় প্রকাশ করলেন মামদানি।
আইউইটনেস নিউজ জানায়, বুধবার এক ঘোষণায় ৪৮ সদস্যবিশিষ্ট এ কমিটির সবার পরিচয় জানিয়েছেন মামদানি।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, কমিটিতে শিক্ষাবিদ, নির্মাতা, অভিনেতা, ধর্মীয় প্রতিনিধি, সমাজ কর্মীসহ বৈচিত্র্যময় পেশার সদস্যদের উপস্থিতি আছে।
কমিটিতে আছেন শিক্ষাবিদ ও ইউটিউবার মিস র্যাচেল, অভিনেত্রী ও অধিকারকর্মী সিনিথিয়া নিক্সন, জুইশ ভয়েস ফর পিসের বেথ মিলার, ঔপন্যাসিক কলসন হোয়াইটহেডের মতো পরিচিত মুখ।
কমিটিতে একমাত্র বাংলাদেশি হলেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির কর্মকর্তা এটিএম কামরুল হাসান।
তিনি নিউ ইয়র্কে হামলাকারীর গুলিতে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের ভাই।
এদের মধ্যে অনেকেই মামদানির নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তার সঙ্গে যুক্ত ছিলেন।
মামদানি এক বিবৃতিতে বলেন, ‘এ অভিষেক অনুষ্ঠান, যেটি কিনা নিউ ইয়র্কবাসীর জন্য, সেখানে সিটির অন্যতম সৃজনশীল ও অভিজ্ঞ মানুষদের সঙ্গে নিয়ে যোগ দিতে পারায় আমি সম্মানিত বোধ করছি।’
সিটি হলে মামদানির অভিষেক অনুষ্ঠানটি উদযাপন হতে যাচ্ছে দুই পর্বে।
প্রথম পর্বে সিটি হলে শপথ পাঠের পর বাইরে সড়কজুড়ে চলবে ব্লক পার্টির নানা আয়োজন।
আয়োজনটি উপভোগ করতে পারবেন হাজার হাজার নিউ ইয়র্কবাসী।
এছাড়াও নির্ধারিত ওয়েবসাইটে টিকেট কেটে সরাসরি অংশ নিতে পারবেন চার হাজার অতিথি।