পশ্চিম ইরানে একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। রবিবার একটি গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, ইরাক সীমান্তবর্তী আবদানান ও দেহলোরান শহরের মধ্যবর্তী এলাকায় বাসটি এই দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে ইরনা জানিয়েছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, ইরানে সড়ক নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘদিন ধরেই বেশ নাজুক। দেশটির আইনি চিকিৎসা সংস্থার গত জুনের তথ্য অনুযায়ী, গেল মার্চ পর্যন্ত গত ১২ মাসে কেবল সড়ক দুর্ঘটনায় দেশটিতে প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।