মেক্সিকোর সিনালোয়া রাজ্যে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে কুখ্যাত মাদক পাচারকারী ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত এ মাদকসম্রাট এফবিআইয়ের ১০ জন সর্বাধিক তালিকাভুক্ত পলাতক আসামির একজন ছিলেন। অভিযানে তাঁর অপরাধী চক্রের আরও দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে মেক্সিকোর নিরাপত্তাপ্রধান এ তথ্য জানান। শুক্রবার রাতে সিনালোয়া রাজ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এল চাপো ইসিদ্রো দুই দশকেরও বেশি সময় ধরে তাঁর অপরাধী সংগঠনের মাধ্যমে বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন ও গাঁজা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা তার গ্রেপ্তারে তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
তাকে ধরতে শুক্রবার রাতে চালানো গ্রেপ্তার অভিযানের পর সিনালোয়া রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। মেক্সিকোর নিরাপত্তা বাহিনী ও মাদক চক্রের সদস্যদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়। এ সময় শহরের বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন ধরিয়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে চক্রটির সদস্যরা।
এল চাপো ইসিদ্রোকে বেলত্রান লেইভা কার্টেলের অন্যতম নেতা হিসেবে বিবেচনা করা হয়। শক্তিশালী সিনালোয়া কার্টেলের ‘লস মায়োস’ উপদলের সঙ্গে এ কার্টেলের মিত্রতা রয়েছে বলে জানা গেছে।
ওয়াশিংটনের চাপের মুখে সাম্প্রতিক সময়ে মেক্সিকো একাধিক প্রভাবশালী মাদক পাচারকারীকে গ্রেপ্তার বা হত্যা করেছে। মাদক চক্রগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামের প্রশাসনের ওপর চাপ দিয়ে আসছেন ইউএস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পদক্ষেপ না নিলে মেক্সিকোর ভেতরে একতরফা সামরিক অভিযান চালানোর হুমকিও দিয়েছেন তিনি।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মন্তব্য জানতে ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।
সূত্র: রয়টার্স।