এক আইনপ্রণেতা ও তিন পুলিশ সদস্যকে হত্যার ঘটনার এক সপ্তাহ পর মধ্য সাউথ অ্যামেরিকার গুয়াতেমালার দুটি বিভাগে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পূর্বাঞ্চলীয় জাকাপা ও ইজাবাল বিভাগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি অবস্থার আওতায় জনসমাবেশে বিধিনিষেধ আরোপের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ক্ষমতাও বাড়ানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) গুয়াতেমালার কর্তৃপক্ষ জরুরি অবস্থার ঘোষণা দেয়। এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং আগামী ৩০ দিন পর্যন্ত বহাল থাকবে।
নতুন ব্যবস্থার আওতায় নিরাপত্তা বাহিনী প্রয়োজনে জনসমাবেশ ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করতে পারবে। পাশাপাশি আদালতের পরোয়ানা ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার এবং বাড়িঘরে প্রবেশের ক্ষমতাও দেওয়া হয়েছে।
গত ৬ নভেম্বর জাকাপা বিভাগের রিও হন্ডো এলাকায় সশস্ত্র হামলার শিকার হন দেশটির আইনপ্রণেতা হুলিও সিজার পোর্তিয়ো। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই হামলায় তিন পুলিশ সদস্যও নিহত হন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো।
হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে জাকাপা অঞ্চলে একের পর এক সশস্ত্র হামলার ঘটনায় সংগঠিত অপরাধী চক্রের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।
এদিকে, চলতি সপ্তাহে আমেরিকার জাকাপা অঞ্চলে সক্রিয় কয়েকটি অপরাধী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এসব গোষ্ঠীর সঙ্গে মেক্সিকোর মাদক পাচারকারী চক্রের সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেছে ওয়াশিংটন।
গুয়াতেমালা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির জনগণের জীবন, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতেই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাকাপা ও ইজাবাল পাশাপাশি অবস্থিত দুটি বিভাগ। আয়তনের দিক থেকে এ দুটি অঞ্চলের মোট আয়তন প্রায় কাতারের সমান।
সাম্প্রতিক সহিংসতা ও আইনপ্রণেতা হত্যার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জরুরি ক্ষমতা প্রয়োগের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়িয়েছে।