ম্যাসাচুসেটস স্টেইটের কেমব্রিজ শহরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে আকস্মিক বন্দুক হামলায় দুজন গুরুতর আহত হয়ে জীবন ঝুঁকিতে আছেন। ওই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই সন্দেহভাজন হলেন টাইলার ব্রাউন। তাকে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
মিডলসেক্স কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যারিয়ান রায়ান এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার দুপুর দেড়টার দিকে মেমোরিয়াল ড্রাইভ ও রিভার স্ট্রিট এলাকায় বন্দুক হামলার ঘটনা ঘটে।
হামলাকারী অ্যাসল্ট ধরনের রাইফেল নিয়ে সড়কে বিভিন্ন চলন্ত গাড়ির দিকে গুলি ছুঁড়ছিলেন। ওই সময় গাড়ির ভিতরে থাকা দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
হামলাকারীকে থামাতে তখন এক সেনা সদস্য ও একজন সাবেক মেরিন সদস্য তার ওপর পালটা গুলি চালায়। পরে আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নেওয়া হয়।
ওই ঘটনায় আটক ব্রাউনের বিরুদ্ধে হত্যার উদ্দেশে সশস্ত্র হামলার দুটি অভিযোগসহ একাধিক অভিযোগ আনা হবে।
রায়ান আরও জানান, অভিযুক্ত ব্রাউন পূর্ববর্তী অপরাধের জন্য প্রবেশন তত্ত্বাবধানে ছিলেন।
এ ঘটনায় ম্যাসাচুসেটসের গভর্নর মওরা হিলি এক বিবৃতিতে বলেছেন, জনসাধারণের জন্য এখন আর কোনো চলমান হুমকি নেই।
তবে তদন্ত কর্মকর্তাদের কাজের স্বার্থে আপাতত ঘটনাস্থলটি এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।