গাজায় বাড়ছে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২৯ ২০২৫, ১৯:৪৫ হালনাগাদ: ফেব্রুয়ারি ১৯ ২০২৬, ২১:৩৯

গাজা উপত্যকায় গত ১৭ জুন একটি ট্যাংক দেখা যায় সীমান্তের ইসরায়েলি অংশ থেকে। ছবি: আমির কোহেন/রয়টার্স

গাজা উপত্যকায় গত ১৭ জুন একটি ট্যাংক দেখা যায় সীমান্তের ইসরায়েলি অংশ থেকে। ছবি: আমির কোহেন/রয়টার্স

  • 0

সর্বশেষ রবিবার উত্তর গাজায় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে ২০ বছর বযসী সার্জেন্ট ইসরায়েল নাতান রোজেনফেল্ড নিহত হন বলে জানায় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস-আইডিএফ।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেড়ে চলছে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা।

চলতি মাসের ২৯ দিনে ইসরায়েল গাজায় ২০ জন সেনা হারিয়েছে বলে জানিয়েছে হারেৎজ।

তেল আবিবভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, গত এক বছর মেয়াদে জুনে সর্বোচ্চ সেনা প্রাণ হারিয়েছে ইসরায়েল।

সর্বশেষ রবিবার উত্তর গাজায় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে ২০ বছর বযসী সার্জেন্ট ইসরায়েল নাতান রোজেনফেল্ড নিহত হন বলে জানায় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস-আইডিএফ।

ইসরায়েলের রা’আনানা এলাকার বাসিন্দা রোজেনফেল্ড কাজ করতেন কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে। তার জন্ম যুক্তরাজ্যে।

রোজেনের পরিবার ইসরায়েলে আসে ১১ বছর আগে।

কিব্বুৎজ সুফায় ২০২৩ সালের ৭ অক্টোবার হামাসের হামলা থেকে বেঁচে যান রোজেন, বাবা-মা আভি ও সামান্থা এবং তার দুই বোন ও এক ভাই। তার বোন এলিওরার দাম্পত্য সঙ্গী স্টাফ সার্জেন্ট ২১ বছর বয়সী হালেল শ্যামুয়েল স্যাডন ওই হামলায় নিহত হন।

রোজেনকে সোমবার রা’আনানার সামরিক সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে।

গাজার দক্ষিণে খান ইউনিস এলাকায় গত সপ্তাহে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে সাত ইসরায়েলি সেনা নিহত হন।

ডিভাইসটি স্থাপন করা হয়েছিল পুমা ব্র্যান্ডের আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার-এপিসিতে। বিস্ফোরণের পর এতে আগুন ধরে যায়।

ঘটনাস্থলে থাকা বাহিনীর সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। তারা ডি৯ আর্মার্ড বুলডোজারের সাহায্যে বালু দিয়ে এপিসিটি ঢেকে দেন। পরে ইসরায়েলি সীমানায় নিয়ে যান এপিসিকে।

আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, যানবাহনে থাকা সেনাদের উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

আইডিএফের ডেটা অনুযায়ী, হামাসের সঙ্গে সর্বশেষ যুদ্ধে ৮৮০ জন ইসরায়েলি সেনা নিহত হন।