দুবাই থেকে ইযরায়েলগামী ফ্লাইদুবাই বিমান ছিনতাই ও ধ্বংসের চেষ্টাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছে ইউনাইটেড আরব আমিরাত।
শনিবার দেশটির প্রসিকিউটর জেনারেল জানান, ২৯ বছর বয়সী ওমানি ফার্স্ট অফিসার হামাম আল-হামামী ককপিটের জরুরি কুড়াল দিয়ে ভারতীয় প্রধান ক্যাপ্টেনের ওপর হামলা চালায়। তবে যাত্রী ও ক্রুদের সাহসিকতায় বড় দুর্যোগ এড়ানো সম্ভব হয়।
ঘটনাটিকে উগ্রবাদের বিরুদ্ধে চরম সতর্কবার্তা উল্লেখ করে ইউএই প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, ‘উগ্রবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি। ঘৃণা ছড়ানো ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়াই বড় বিপদ। তাই উগ্রবাদের গোড়া কাটতে কোনো ছাড় দেয়া হবে না।’
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, উগ্রবাদে জড়িয়ে পড়ার আশঙ্কায় ওমান তাকে পূর্বে বিমান চালনায় নিষিদ্ধ করেছিল। তা সত্ত্বেও সে কীভাবে ফ্লাই দুবাইয়ে কর্মরত ছিলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিন দুবাই প্রিন্স হামদান বিন মোহাম্মদ আহত পাইলটকে হাসপাতালে দেখতে যান। এসময় ভারতীয় এই পাইলটের প্রশংসা করে প্রিন্স বলেন, ‘পাইলট মাচার সাহসিকতা, দায়িত্ববোধ এবং মানুষের জীবনের প্রতি গভীর মমত্ববোধের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন।’