ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতার অভিযোগে দেশটির ১১টি প্রতিষ্ঠানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্যানাডা। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরানের রাষ্ট্রীয় তেল ও ট্যাংকার কোম্পানি, চারটি আর্থিক প্রতিষ্ঠান এবং পারমাণবিক জ্বালানি খাতের কয়েকটি সংস্থা।
মঙ্গলবার (১০ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ ঘোষণা দেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ।
ইরানের পারমাণবিক কার্যক্রম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অর্থায়নে ভূমিকা রাখার অভিযোগে এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অটোয়ার দাবি, এর মাধ্যমে ইরানের অর্থায়নের উৎস সীমিত করার পাশাপাশি সংবেদনশীল প্রযুক্তি পাওয়ার সুযোগও সংকুচিত করা হবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি, ব্যাংক মেল্লাত, ব্যাংক মেল্লি ইরান, ব্যাংক অব ইন্ডাস্ট্রি অ্যান্ড মাইন এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান। এ ছাড়া রয়েছে নিউক্লিয়ার ফুয়েল প্রোডাকশন অ্যান্ড প্রকিউরমেন্ট কোম্পানি, নিউক্লিয়ার রিঅ্যাক্টরস ফুয়েল কোম্পানি, কালা নাফত, নাফতিরান ইন্টারট্রেড কোম্পানি এবং ইরান ইনস্যুরেন্স কোম্পানি।
ক্যানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০১৬ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তির অগ্রগতির পর এসব প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। ওই চুক্তির আওতায় ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) পর্যবেক্ষণের সুযোগ দিতে সম্মত হয়েছিল।
তবে ক্যানাডার অভিযোগ, পরবর্তী সময়ে ইরান আইএইএর সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা করেনি। ২০২৫ সালের জুনে আইএইএর বোর্ড অব গভর্নরসও ইরানের পারমাণবিক নিরাপত্তা-সংক্রান্ত বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এসব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে অটোয়া।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ বলেন, ‘ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। জি-৭ অংশীদার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি পূর্ণাঙ্গ, যাচাইযোগ্য ও দীর্ঘস্থায়ী সমাধান অর্জনে কাজ করবে ক্যানাডা।’
বার্তা সংস্থা য়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একজন কর্মকর্তা গত সপ্তাহে জানিয়েছিলেন, কাতারের মাধ্যমে অ্যামেরিকার কাছে পারমাণবিক ইস্যুতে একটি প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে আলোচনার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ব্যবহারের সুযোগ এবং যুদ্ধের ক্ষতিপূরণসহ কয়েকটি দাবি পূরণের শর্ত দিয়েছে ইরান। অন্যদিকে, অ্যামেরিকা শুরু থেকেই আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত করার ওপর জোর দিচ্ছে।