ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি প্রোজেক্টাইল আঘাত হানার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার বৃটিশ সামুদ্রিক কর্তৃপক্ষ ইউকেএমটিও জানিয়েছে, ওমানের উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে। আঘাতে ট্যাংকারটির এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে জাহাজে থাকা সব ক্রু সদস্যরা নিরাপদ আছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা তেল ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি । তবে কী ধরনের প্রোজেক্টাইল ট্যাংকারটিতে আঘাত করেছে এবং এর পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হরমুজ প্রণালীর কাছে এমন ঘটনা জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে হামলার উৎস বা এর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজে বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত হামলার শঙ্কা উদ্বেগ জনকহারে বেড়েছে। দুয়েকটি ঘটনায় ইরানের আইআরজিসি মাইন বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্র হামলার কথা বললেও, ইউএস সেন্ট্রাল কমান্ড সাম্প্রতিক এই হামলাগুলোর বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বিরত থাকছে।