সকালে স্নুজ বাটন চাপা কি সব সময়ই ক্ষতিকর? কী বলছে গবেষণা
ছবি: সংগৃহীত
- 0

ছবি: সংগৃহীত

প্রকাশিত: নভেম্বর ১৬ ২০২৬, ১৬:৩৬ হালনাগাদ: নভেম্বর ১৬ ২০২৬, ১৭:০৩
সকালে অ্যালার্ম বাজলেই বিছানা ছাড়তে পারেন না অনেকেই। আর একটু ঘুমানোর আশায় বারবার ‘স্নুজ’ বাটনে চাপ দেন। প্রচলিত ধারণা অনুযায়ী, এই অভ্যাস ঘুমের ছন্দ নষ্ট করে এবং সারা দিনের ক্লান্তি বাড়ায়। তবে গবেষণা বলছে ভিন্ন কথা—সীমিত সময়ের স্নুজিং সবার জন্য ক্ষতিকর নয়; বরং কারও কারও ক্ষেত্রে ঘুম ভাঙার পরের ঝিমুনি ও অস্বস্তি কমাতে এটি সহায়ক হতে পারে।
স্লিপ ইনার্শিয়া ও স্নুজের ভূমিকা
স্নুজ বাটন চাপলে সাধারণত ৫ থেকে ১০ মিনিটের বিরতিতে অ্যালার্ম আবার বাজে। ঘুম ভাঙার পরপরই আমাদের শরীর ও মস্তিষ্ক পুরোপুরি সক্রিয় হতে কিছুটা সময় নেয়—চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘স্লিপ ইনার্শিয়া’। এ সময় ঝিমুনি ভাব, মনোযোগের ঘাটতি ও সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে।
অ্যামেরিকাভিত্তিক ঘুমবিষয়ক প্রতিষ্ঠান স্লিপ ফাউন্ডেশনের এক প্রতিবেদনে সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণার ফলাফল তুলে ধরা হয়েছে। ২০২৩ সালে জার্নাল অব স্লিপ রিসার্চ-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, অ্যালার্ম বাজার পরপরই তাড়াহুড়ো করে বিছানা ছাড়ার চেয়ে কয়েক মিনিটের বিরতি (স্নুজিং) কিছু মানুষের জেগে ওঠার প্রক্রিয়াকে সহজ করে। এতে স্লিপ ইনার্শিয়ার প্রভাব কম অনুভূত হয় এবং ঘুম ভাঙার পরের সতর্কতা ও কর্মক্ষমতায় ইতিবাচক প্রভাব পড়ে।
নিয়মিত স্নুজ ব্যবহারকারীদের ঘুমের মান উল্লেখযোগ্যভাবে খারাপ হওয়ার কোনো প্রমাণও ওই গবেষণায় পাওয়া যায়নি। এ ছাড়া ঘুম ভাঙার পর যাঁদের হঠাৎ অস্বস্তি বা উদ্বেগ (মর্নিং অ্যাংজাইটি) হয়, তাঁদের ক্ষেত্রেও এটি সাময়িক স্বস্তি দিতে পারে বলে ইঙ্গিত মিলেছে—যদিও এ বিষয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে।
গবেষণাটি দুই ধাপে পরিচালিত হয়। প্রথম ধাপে ১ হাজার ৭৩২ জনের ওপর জরিপ চালিয়ে দেখা যায়, তাঁদের ৬৯ শতাংশ অন্তত কখনো কখনো সকালে স্নুজ বাটন ব্যবহার করেন। যাঁরা স্নুজ ব্যবহার করেন, তাঁদের মধ্যে রাতে দেরিতে ঘুমাতে পছন্দ করার প্রবণতাও তুলনামূলক বেশি।
দ্বিতীয় ধাপে নিয়মিত স্নুজ ব্যবহার করেন এমন ৪০ জনকে নিয়ে পরীক্ষামূলক গবেষণা করা হয়। দুই রাতে তাঁদের ঘুম পর্যবেক্ষণ করা হয়। এক রাতে স্নুজ ব্যবহার না করতে বলা হয়; অন্য রাতে স্বাভাবিক সময়ের ৩০ মিনিট আগে অ্যালার্ম বাজানো হয় এবং কয়েকবার স্নুজ বাটন ব্যবহারের সুযোগ দেওয়া হয়।
স্নুজিং ক্ষতিকর হয়ে ওঠে?
অল্প সময়ের স্নুজিং এবং দীর্ঘক্ষণ ধরে বারবার অ্যালার্ম বন্ধ করে ঘুমানোর মধ্যে পার্থক্য রয়েছে। ৩০-৪০ মিনিট ধরে বারবার স্নুজ চাপলে ঘুমের গভীরতা ও ধারাবাহিকতা নষ্ট হয়, যা দিনের শুরুতেই শরীরকে আরও অবসন্ন করে তোলে।
সতেজ হয়ে ঘুম থেকে ওঠার কার্যকর উপায়
পর্যাপ্ত ও নিয়মিত ঘুম: স্নুজ বাটনের ওপর নির্ভর না করে প্রতিদিন রাতে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। একই সময়ে ঘুমাতে যাওয়া ও ওঠার অভ্যাস শরীরের অভ্যন্তরীণ ঘড়ি (সার্কাডিয়ান রিদম) ঠিক রাখে।
অ্যালার্ম দূরে রাখা: অ্যালার্ম ঘড়ি বা মুঠোফোন বিছানা থেকে কিছুটা দূরে রাখুন, যাতে সেটি বন্ধ করতে বিছানা ছাড়তে হয়।
সকালের আলো ও ব্যায়াম: ঘুম ভাঙার পরপরই পর্দা সরিয়ে প্রাকৃতিক আলোয় আসুন এবং হালকা শারীরিক ব্যায়াম করুন।
কখন সতর্ক হবেন?
রাতে পর্যাপ্ত ঘুম হওয়ার পরও যদি প্রতিদিন সকালে উঠতে প্রচণ্ড কষ্ট হয়, দিনের বেলায় অতিরিক্ত ঘুম পায় কিংবা দীর্ঘস্থায়ী ক্লান্তি অনুভূত হয়, তবে তা অবহেলা করা উচিত নয়। এর পেছনে ‘স্লিপ অ্যাপনিয়া’ বা ঘুমের কোনো গোপন শারীরিক সমস্যা থাকতে পারে। এমন ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
