ইরাকের রাজধানী বাগদাদে জমকালো আয়োজনে শুরু হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দুই দিনব্যাপী পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম শীর্ষ সম্মেলন। শনিবার উদ্বোধনী অধিবেশনেই মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা কাটাতে ফিলিস্তিন সংকট নিরসন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে বিদ্যুৎ, রেলপথ ও ডিজিটাল যোগাযোগ চালুর বড় ধরণের যুগান্তকারী প্রস্তাব দিয়েছে আয়োজক দেশ ইরাক। একইসঙ্গে সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি।
তুর্কিয়ের কাছ থেকে সভাপতির দায়িত্ব নিল ইরাক
শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ মুসলিম বিশ্বের শীর্ষ কূটনীতিকদের উপস্থিতিতে জাতীয় সংগীতের মাধ্যমে বাগদাদে পর্দা ওঠে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী এই সম্মেলনের। অধিবেশনের শুরুতেই তুরস্কের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী পরিষদের আবর্তনশীল সভাপতির দায়িত্ব গ্রহণ করে ইরাক।
ফিলিস্তিন ইস্যুতে ইরাকের স্পষ্ট বার্তা
সম্মেলনের উদ্বোধনী ভাষণে বর্তমান আঞ্চলিক সংঘাতের মূল কেন্দ্র হিসেবে ফিলিস্তিন সংকটকে তুলে ধরেন ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালেহ আল-জাইদি। তিনি স্পষ্ট জানান, ফিলিস্তিনিদের ভূমির অধিকার সুনিশ্চিত করা এবং ইসলামী পবিত্র স্থানগুলোর সুরক্ষাই মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও স্থিতিশীলতার মূল শর্ত।
ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিন ইস্যুতে ইরাক তার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করছে। ফিলিস্তিনি জনগণের তাদের নিজ ভূখণ্ডের ওপর ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠা এবং পবিত্র স্থানগুলোর সুরক্ষাই এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার মূল চাবিকাঠি।’
অর্থনৈতিক সংহতি ও প্রযুক্তিগত সংযোগের প্রস্তাব
রাজনৈতিক আলোচনার পাশাপাশি মুসলিম বিশ্বের অর্থনৈতিক সংহতি বাড়াতে এক যুগান্তকারী উদ্যোগের আহ্বান জানায় বাগদাদ। সদস্য দেশগুলোর মধ্যে অবাধ বাণিজ্য সহজ করতে জ্বালানি গ্রিড সংযুক্তিকরণ, আন্তঃদেশীয় রেলওয়ে নেটওয়ার্ক বিস্তার এবং বিশ্বমানের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর প্রস্তাব পেশ করেন ইরাকি প্রধানমন্ত্রী।
আলি ফালেহ আল-জাইদি আরও বলেন, ‘আমরা অবাধ বাণিজ্য ও আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। এই লক্ষ্যে ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ গ্রিড, রেলপথ, পরিবহন ব্যবস্থা এবং ডিজিটাল যোগাযোগ যুক্ত করার একটি সমন্বিত আঞ্চলিক উদ্যোগের প্রস্তাব দিচ্ছে ইরাক।’
সৌদি আরবে হামলার কড়া নিন্দা ওআইসির
সম্মেলনে সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানায় ওআইসি। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মাধ্যমে সম্প্রতি সৌদির ভূখণ্ডে চালানো হামলাকে আন্তর্জাতিক আইন এবং ইসলামী ভ্রাতৃত্বের নীতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়।
সংস্থাটির মহাসচিব ইসমাইল ওউল্দ শেখ আহমেদ বলেন, ‘সৌদি আরবকে লক্ষ্য করে পরিচালিত জঘন্য হামলাগুলোর তীব্র নিন্দা জানাই। যা দেশটির সার্বভৌমত্ব ও এই অঞ্চলের স্থিতিশীলতার ওপর বড় আঘাত। এটি আন্তর্জাতিক আইন ও ওআইসির সনদের পরিষ্কার লঙ্ঘন।’
কৌশলগত সহযোগিতা ও বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান আরাঘচির
দুই দিনব্যাপী এই সম্মেলনে মধ্যপ্রাচ্যের বিদ্যমান ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা ও সংকট নিরসনে মুসলিম দেশগুলোর মধ্যে সংলাপ, সংহতি এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীরা। উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থেকে ফিলিস্তিন ইস্যুতে কথার বদলে সরাসরি বাস্তবসম্মত ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।