চট্টগ্রাম নগরের পাঁচলাইশে পুলিশ পাহারা থাকা অবস্থাতেই সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ও পেট্রলবোমা নিক্ষেপ করার ঘটনায় মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার নগরের পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি রুজু করে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা বাড়িটির নিচতলা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে নিচতলা একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরে যায়। সেখানে ডিউটিরত পুলিশ আগুন নেভায়।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় থানায় মামলা রেকর্ড হয়েছে। অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত করছে। বেশ কয়েকজনের নাম পেয়েছি। তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, ইউনূসের বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। তিনজন পুলিশ স্থায়ীভাবে নিচতলায় ডিউটিরত ছিল। পুলিশ ডিউটিরত থাকা অবস্থায় হঠাৎ নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে। আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে পাঁচলাইশের এই বাড়িতে। তার মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।
এর আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।